২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটেন ও যুক্তরাষ্ট্রকে সেনা মোতায়েন রাখার আহ্বান ইরাকের

ইরাকে চলমান জঙ্গি হামলা, সহিংসতার মধ্যেও ওয়াশিংটন এবং ব্রিটেনের ভাবী প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের কাছে সেনা মোতায়েন রাখার আহ্বান জানিয়েছেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী হোসিয়ার জেবারি। ক্যানবেরায় অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী অ্যালেক্সান্ডার ডাউনারের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। জেবারি বলেন, “ফেব্র“য়ারির মাঝামাঝিতে ইরাকে নিরাপত্তা অভিযান শুরুর পর থেকে পরিস্থিতির উন্নতি হচ্ছে। আর কোয়ালিশন বাহিনীতেও দুর্বলতার লক্ষণ নেই। এটিও গুরুত্বপূর্ণ ব্যাপার।”

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2007, 02:57 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জেবারি বলেন, “ জুনে টনি ব্লেয়ারের বিদায়ের পর ব্রাউন ব্রিটেনের প্রধানমন্ত্রী হবেন। ব্রাউনও ইরাকে সেনা উপস্থিতি সমর্থন করেছেন। সে কারণে তার শাসনামলেও ইরাক সরকার এক্ষেত্রে কোনো বড় ধরনের পরিবর্তন আশা করছে না।”

জেবারি আরও বলেন, “তার বিশ্বাস, ইরাকের সেনাসংখ্যায় কোনো রদবদল হবে না বা কোনো নাটকীয় পরিবর্তন ঘটবে না। আমরা ব্রিটিশ রাজনীতির বাস্তবতা উপলব্ধি করতে পারি। ব্রিটেনের ভাবী প্রধানমন্ত্রী ব্রাউন ইরাকে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রচেষ্টারও সমর্থক এবং আমি মনে করি, এ লক্ষ্য পূরণে নিয়োজিত কোয়ালিশন বাহিনীর দুর্বল হয়ে না পড়াটা খুবই জরুরী। কারণ, এ সময়টি খুবই গুরুত্বপূর্ণ সময়।”

জেবারি এও বলেন, “ওয়াশিংটন, লন্ডন এবং ইউরোপে ক্রমবর্ধমাণ চাপ আমরা লক্ষ্য করছি। কিন্তু তারপরও এখনই ইরাক থেকে সেনা কমানোর সময় এটি নয় বলেই আমি মনে করি। এখন জনগণের পাশে দাঁড়িয়ে তাদের মুক্তির জন্য লড়ে যাওয়ার সময়।”

সম্প্রতি ইরাকে রাস্তার ধারে পেতে রাখা বোমায় ৬ মার্কিন নিহত হওয়ার পরপরই জেবারি সেনা মোতায়েন রাখার এ আহ্বান জানালেন। ইরাকে মার্কিন আগ্রাসনের পর সর্বশেষ নিহত ৬ সেনা নিয়ে এ পর্যন্ত মার্কিন সেনা নিহতের সংখ্যা ৩ হাজার ৪ শ ছাড়িয়ে গেছে। অন্যদিকে, ব্রিটিশ সেনা নিহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৫০ জনে।