সন্দেহভাজন সন্ত্রাসীর বিরুদ্ধে ব্রিটিশ পুলিশের অভিযোগ গঠন
লন্ডনে ২০০৫ সালের ৭ জুলাই হামলার তদন্তকারী সন্ত্রাসবিরোধী ব্রিটিশ পুলিশ রোববার আরও এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। খালিদ খালিক নামের ওই ব্যক্তিকে ৯ মে আটক করা হয়। তার কাছে আল কায়েদার একটি প্রশিক্ষণ নির্দেশিকা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের এক মুখপাত্র জানান, সোমবার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে খালিদ খালিককে। তার বিরুদ্ধে গঠিত অভিযোগে বলা হয়েছে, “আল কায়েদা প্রশিক্ষণ নির্দেশিকা নামের একটি নথি পাওয়া গেছে তার কাছে। নথিটিতে এমন সব তথ্য - উপাত্ত রয়েছে যা সন্ত্রাসবাদী কাজে নিয়োজিত কোনো ব্যাক্তির জন্য সহায়ক হতে পারে।”
মুখপাত্র আরও জানান, “৭ জুলাইয়ের হামলার সঙ্গে সম্পর্কিত না হলেও তার বিরুদ্ধে গঠিত অভিযোগ অবশ্যই ওই তদন্তেরই ধারাবাহিকতা।”
চৌত্রিশ বছর বয়সী খালিদকে আরও তিনজনের সঙ্গে ৯ মে গ্রেপ্তার করেছিল সন্ত্রাসবিরোধী পুলিশ। উত্তর ইংল্যান্ডের লিডসের বিস্টন এলাকার বাসিন্দা তিনি। প্রসঙ্গত, ৭ জুলাইয়ের হামলায় অংশ নেওয়া আত্মঘাতী বোমারুদের কয়েকজনের বাড়িও ওই এলাকায়।
খালিদের সঙ্গে আটক অপর তিন ব্যাক্তির বিরুদ্ধে কোন অভিযোগ গঠন করেনি পুলিশ। তদন্তের পর তাদের মুক্তি দেওয়া হয়েছে। এদের মধ্যে জুলাই হামলার এক আত্মঘাতী বোমারুর স্ত্রীও রয়েছেন।
৭ জুলাইয়ের হামলার প্রায় দুই বছর পরও ব্রিটিশ পুলিশ বলছে, ঘটনা তদন্তে পূর্ণোদ্যমে এগোচ্ছেন তারা। জ্লুাইয়ের আত্মঘাতী বোমারুদের সঙ্গে ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে গত মাসে আরও তিন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করে পুলিশ।
