বিশ্বব্যাংকের সম্ভাব্য প্রধান হতে পারেন এক আমেরিকান: গর্ডন ব্রাউন
বিশ্বব্যাংক প্রধান পল উলফোভিৎসের উত্তরসূরী হতে পারেন আরেক আমেরিকান। জার্মানিতে জি - এইট সম্মেলনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রোববার এমন মন্তব্য করেছেন ব্রিটেনের ভাবী প্রধানমন্ত্রী ও বর্তমান অর্থমন্ত্রী গর্ডন ব্রাউন।
বান্ধবীকে অনৈতিক সুবিধা দেওয়ার কলঙ্ক মাথায় নিয়ে গত সপ্তাহে বিশ্বব্যাংক প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন উলফোভিৎস। তার সম্ভাব্য উত্তরসূরী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন মার্কিন উপ অর্থমন্ত্রী রবার্ট কিম্মিত, সাবেক মার্কিন বাণিজ্য প্রতিনিধি রবার্ট জোলিক, এমনকি বিদায়ী ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।
এ ধরনের জল্পনা - কল্পনা সম্পর্কে তার মতামত জানতে চাইলে ব্রাউন সাংবাদিকদের বলেন, “আমি যতোদূর জানি, মার্কিন প্রশাসন একজন আমেরিকানকেই ওই পদে নিয়োগ দিতে পারেন।”
বিশ্বব্যাংকের সবচেয়ে বড় অংশীদার যুক্তরাষ্ট্র ৬০ বছরেরও বেশি সময় আগে সংস্থাটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সবসময় একজন আমেরিকানকেই ওই পদে নিয়োগ দিয়ে আসছে। অন্যদিকে, বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান আন্তর্জাতিক অর্থ তহবিলের প্রধান নিয়োগ পান ইউরোপীয় দেশগুলোর পছন্দের ভিত্তিতে।
ব্রাউন ওই ঐতিহ্যের কথা পুনর্ব্যক্ত করে বলেন, “আমি যেটা বুঝেছি সেটা হলো, মার্কিন প্রশাসন এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে চায়।”
এর আগে হোয়াইট হাউস জানায়, প্রেসিডেন্ট জর্জ বুশ শিগগিরই উলফোভিৎসের উত্তরসূরীর নাম ঘোষণা করতে পারেন।
