২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিনদিন অপ্রাসঙ্গিক হয়ে উঠছেন কার্টার: হোয়াইট হাউস

আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে জর্জ ডাব্লিউ বুশের প্রেসিডেন্সিই সবচেয়ে বাজে- যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় তাকে পাল্টা আক্রমণ করেছে হোয়াইট হাউস। তাদের মতে, প্রেসিডেন্ট কার্টার লাগামহীন কর্থাবার্তা বলছেন এবং এভাবে দিনদিন নিজেকে আরও বেশি অপ্রাসঙ্গিক করে তুলছেন তিনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2007, 12:05 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

আরকানসাস ডেমোক্রেট গেজেট এবং বিবিসি বেতারকে দেওয়া সাক্ষাৎকারে কার্টারের মন্তব্য সম্পর্কে শনিবার কোনো মন্তব্য করতে রাজি হয়নি হোয়াইট হাউস। কিন্তু একদিন পর রোববার হোয়াইট হাউস মুখপাত্র টনি ফ্রাত্তো কার্টারের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানান।

ফ্রাত্তো বলেন, “আমার মনে হয়, এটা দুঃখজনক যে প্রেসিডেন্ট কার্টারের লাগামহীন ব্যক্তিগত সমালোচনার বহিঃপ্রকাশ ঘটেছে এখানে।”

তিনি বলেন, “এটা দুর্ভাগ্যজনক। আর তাছাড়া এমন কথাবার্তা বলে নিজেকে দিন দিন আরও অপ্রাসঙ্গিক করে তুলছেন তিনি।”

ডেমোক্রেট কার্টার বরাবরই জর্জ বুশের কড়া সমালোচক। কিন্তু হোয়াইট হাউস কখনোই তার মন্তব্যের জবাবে তাকে পাল্টা আক্রমণ করেনি। সাবেক প্রেসিডেন্টদের বিষয়ে ক্ষমতাসীনদের সহিষ্ণুতার দীর্ঘদিনের প্রথা ভেঙে রোববার কার্টারের মন্তব্যের তীব্র সমালোচনা হোয়াইট হাউসের অবস্থান পরিবর্তনেরই ইঙ্গিত।

এর আগে শনিবার কার্টার বলেন, আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে জর্জ ডাব্লিউ বুশের প্রেসিডেন্সিই সবচেয়ে বাজে। আর ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এ প্রেসিডেন্সিকে অন্ধ সমর্থন দিয়ে বুশের আনুগত্য প্রকাশ করেছেন। আটলান্টার কার্টার সেন্টার থেকে ‘আরকানসাস ডেমোক্রেট গেজেট’কে দেওয়া এক  টেলিফোন সাক্ষাতৎকারে কার্টার এ সমালোচনা করেন। সাক্ষাৎকারটি শনিবার প্রকাশ করা হয়।

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কার্টার সাক্ষাৎকারে বলেন, “বিশ্বজুড়ে এ দেশ ও জাতির যে নেতিবাচক ভাবমূর্তি দাঁড়িয়েছে, ইতিহাসে এমনটি আর দেখা যায়নি।” ব্রিটেনের বিবিসি বেতারের সঙ্গে এক সাক্ষাৎকারে কার্টার বিদায়ী ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারেরও সমালোচনা করেন এবং বুশের প্রতি অতি আনুগত্যের জন্য তার নিন্দা করেন।

বুশের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব, বিশেষ করে ইরাক যুদ্ধ নীতিতে একসঙ্গে থাকায় ব্লেয়ারকে আগাম ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হচ্ছে। তারপরও ব্লেয়ার বলছেন, ইরাক যুদ্ধে বুশের সঙ্গে জোট বাঁধায় তিনি অনুতপ্ত নন। এমনকী, সাদ্দামকে উৎখাত করার জন্যও অনুতপ্ত নন তিনি।

বুশ ও ব্লেয়ারের এই সম্পর্ককে কীভাবে মূল্যায়ন করবেন জিজ্ঞেস করা হলে কার্টার বলেন, এ সম্পর্ক খুবই নিবিড়, অনুগত, অন্ধ। তিনি বলেন, “প্রেসিডেন্ট বুশের অদূরদর্শী ইরাক নীতিতে ব্রিটেনের অন্ধ সমর্থনটাই বিশ্বের জন্য সবচেয়ে বড় ট্র্যাজেডি হয়ে দাঁড়িয়েছে বলে আমার বিশ্বাস।”

১৯৭৭ - ১৯৮১ সালে প্রেসিডেন্ট থাকাকালে সমাজসেবামূলক কাজের জন্য জিমি কার্টার ২০০২ সালে নোবেল শান্তি পুরস্কার পান। ২০০৩ সালে ইরাক যুদ্ধ শুরুর সময়ও তিনি স্পষ্ট ভাষায় এর বিরোধিতা করেছিলেন।

সাক্ষাৎকারে তিনি বলেন, “ইরাক যুদ্ধের মধ্য দিয়ে প্রেসিডেন্ট বুশ আগের প্রশাসনের সব নীতি থেকে অদ্ভূতভাবে সরে গেছেন। এর মধ্য দিয়ে আমরা এখন আগবাড়িয়ে অন্য দেশে হামলা চালানোর ধারণা দিয়ে দিয়েছি। আমাদের নিরাপত্তা সরাসরি হুমকির মুখে না থাকলেও কোনো দেশের শাসনব্যবস্থা পরিবর্তনের জন্য কিংবা ভবিষ্যতে আমাদের নিরাপত্তা বিঘিœত হতে পারে এই আশঙ্কা থেকে এরকম যুদ্ধ চালানোর প্রচ্ছন্ন পথ প্রদর্শন করেছি আমরা।”

কার্টার বলেন, “ব্লেয়ার ইরাক যুদ্ধে সমর্থন না দিলেও তিনি ওই যুদ্ধ বন্ধ করতে পারতেন না। তবে এতে করে অন্তত সমালোচকদের তোয়াক্কা না করাটা ওয়াশিংটনের জন্য কঠিন হতো। কিন্তু ব্লেয়ার সমর্থন দেওয়ায় বুশ প্রশাসন মনে করেছে, বিশ্বের যে যাই বলুক না কেন, আমরা ঠিক পথেই এগুচ্ছি। কারণ, ব্রিটেন আমাদের সমর্থন দিচ্ছে।”

সাক্ষাৎকারে কার্টার আরও বলেন, “বুশ - ব্লেয়ার জুটি ইরাক যুদ্ধে সমর্থন দেওয়ায় যুদ্ধে তাদের হাত শক্তিশালী হয়েছে এবং এই যুদ্ধে বিরোধিতাকারীরা কমজোর হয়ে পড়েছে। ফলে যুদ্ধই কেবল বিলম্বিত হয়েছে এবং গোটা পরিস্থিতিই ট্রাজেডির দিকে গেছে।”