২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ন্যাটো-তালেবান পাল্টাপাল্টি হামলায় ৪০জন নিহত

আফগানিস্তানে তালেবান জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলায় ১০ জন নিহত হওয়ার পরপরই গজনী প্রদেশের গভর্নর ন্যাটো-আফগান বাহিনীর হাতে অন্ততপক্ষে ৩০ তালেবান জঙ্গি নিহত হওয়ার দাবি করেছেন। সব মিলিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জনে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2007, 06:45 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

আফগানিস্তানের পাকতিয়া প্রদেশে গার্দেজ শহরে আত্মঘাতী বোমা হামলায় রোববার ১০ জন নিহত হন। আহত হন আরও ৩০ জন। নিহতদের সবাই বেসামরিক নাগরিক। শহরের একটি বাজারে ভীড়ের মধ্যে বিদেশী সেনা টহলের কাছে এ হামলা হয়। এতে কয়েকজন জার্মান সেনাও আহত হন। নিরাপত্তা কর্মকর্তারা একথা জানান। তালেবানরা এ হামলার দায় স্বীকার করেছে।

আফগান স্বরাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, “সকাল ৯টা ৪০ মিনিটের দিকে এক আত্মঘাতী বোমারু গার্দেজ শহরের গোল চক্করের কাছে বিস্ফোরণ ঘটান। এতে ১০ বেসামরিক নাগরিক প্রাণ হারান এবং কমপক্ষে আরও ৩০ জন আহত হন।”

এ হামলার দায় স্বীকার করে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেছেন,“গার্দেজ হামলার দায় স্বীকার করছি আমরা। এটা ছিল একটি আত্মঘাতী হামলা। আমাদের মুজাহিদরা এ হামলা চালিয়েছে।” মাত্র একদিন আগে শনিবার তালেবান হামলায় কুন্দুজ শহরে তিন জার্মান সেনাসহ নয়জন নিহত হন।

এদিকে, গজনি প্রদেশের গভর্নর বলেছেন, তালেবান বিরোধী অভিযানে আফগান ও ন্যাটো সেনারা শনিবার রাতে কারা বাগ জেলার কাছে এক সংঘর্ষে কমপক্ষে ৩০ তালবান জঙ্গিকে হত্যা করেছে। সেখান থেকে ১২ জন তালেবান জঙ্গিকে আটক করারও দাবি জানিয়েছেন তিনি।

তবে গভর্নর মেরাজুউদ্দিন পাঠান জানান, “দুর্ভাগ্যজনকভাবে ওই ঘটনায় তিন পুলিশ সদস্য নিখোঁজ রয়েছেন। এতে পুলিশের এক সদস্য আহত হন।”

তালেবানদের কাছ থেকে গজনির সংঘর্ষ সম্পর্কে এখনও কোনো বিবৃতি পাওয়া যায়নি।