২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় কঠোর সামরিক অভিযানের হুঁশিয়ারি ওলমার্টের

ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট রোববার গাজায় কঠোর সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছেন। হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রকেট হামলা বন্ধ না করলে এই কঠোর অভিযান চলবে বলে ওলমার্ট হুমকি দেন। ইসরায়েলি বেতারে সম্প্রচারিত বক্তব্যে ওলমার্ট বলেন, “আমরা রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে মেপে মেপে যে পদক্ষেপ নিচ্ছি তাতে কাঙ্খিত লক্ষ্য অর্জন না হলে আমরা আরও কঠোর পাল্টা জবাব দিতে বাধ্য হব।”

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2007, 04:53 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

সম্প্রতি ইসরায়েল গাজায় হামাসের তিনজন সন্দেহভাজন জঙ্গিকে হত্যা করেছে। এর মধ্য দিয়ে তারা রকেট হামলা বন্ধে ফিলিস্তিনি জঙ্গি দল হামাসের ওপর চাপ সৃষ্টি করেছে। তার ওপর ওলমার্ট গাজায় আরও কঠোর অভিযান চালানোর ওই হুঁশিয়ারি দিলেন। তবে ইসরায়েলের রাজনৈতিক সূত্রগুলো বলছে, গাজায় বড় ধরনের কোনো সামরিক অভিযানের সম্ভাবনা ক্ষীণ।

গাজায় সম্প্রতি প্রতিদ্বন্দ্বী দুই দল হামাস এবং ফাতাহর মধ্যকার সংঘর্ষে মিসরের উদ্যোগে স্বাক্ষরিত অস্ত্রবিরতি চুক্তি কার্যত স্থবির হয়ে পড়েছে।

দলীয় সহিংসতায় নিহত হয়েছে কমপক্ষে ৪৯ জন ফিলিস্তিনি। মার্চে হামাস এবং ফাতাহ জাতীয় ঐক্যের সরকার গড়ার পর থেকে দুপক্ষে নিহতের সংখ্যা এটিই সর্বাধিক।

হামাস অভিযোগ করে বলেছে, তাদের বিরুদ্ধে ইসরায়েলের হামলার পদক্ষেপ ফাতাহকে সাহায্য করারই নামান্তর।

ওলমার্টের কথায়, বুধবার থেকে ফিলিস্তিনি জঙ্গিদের নিক্ষিপ্ত ১২০ টি রকেটের জবাবে ইসরায়েলের পাল্টা বোমা হামলায় ২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। পাশাপাশি বহু হামাস জঙ্গিও মারা পড়েছে বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, “হামাস চরম মূল্য দিচ্ছে এবং দিতেই থাকবে। ইসরায়েলে রকেট হামলার জবাবে আরও অনেক বেশি চড়া মূল্য তাদেরকে দিতে হবে।”

ওলমার্টের এই বক্তব্যে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া হামাসের কাছ থেকে পাওয়া যায়নি।

এদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আমির পেরেজ নিরাপত্তা মন্ত্রণালয়ের বৈঠকে গাজায় পরবর্তী পদক্ষেপের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন। তিনি বলেন,  হামাসের সঙ্গে সংঘাত কিছুদিন ধরে চলবে।

ইসরায়েল ইতোমধ্যেই গাজা সীমান্তে ট্যাংক, সাজোঁয়া যান, এবং স্থলসেনা নিয়ে ঢুকে পড়েছে। ফলে ফিলিস্তিনিরা এখানে বড় ধরনের সামরিক অভিযানের আশঙ্কা করছে।