২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন হোসে রামোস হোর্তা

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হোসে রামোস হোর্তা পূর্ব তিমুরের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন রোববার। রাজধানী দিলিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রেসিডেন্টের দপ্তরে তার দায়িত্ব বুঝে নেন রামোস - হোর্তা। শপথ অনুষ্ঠানে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সংবিধান রক্ষা এবং জাতীয় ঐক্য ও স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করার কথা জানান তিনি। এ মাসের নয় তারিখে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয়দফা ভোটে প্রায় ৭০ ভাগ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2007, 12:50 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

কঠোর নিরাপত্তার মধ্যে দিলিতে পার্লামেন্ট ভবনে রামোস - হোর্তার শপথ গ্রহণ অনুষ্ঠানটি হয়। পার্লামেন্টের সদস্য, দেশী বিদেশী কূটনীতিবিদ এবং ইন্দোনেশিয়ার পররাষ্টমন্ত্রী হাসান ভিরাযুদা শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শপথ অনুষ্ঠনের পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রামোস - হোর্তা বলেন, “ জাতীয় ঐক্য ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সংবিধান মেনে চলবো আমি।”

তিনি বলেন,“ নতুন প্রেসিডেন্ট হিসেবে ... বিদায়ী প্রেসিডেন্ট সানানা গুসমাওয়ের নেওয়া পদক্ষেপগুলোও অনুসরণ করবো আমি। জাতির স্বপ্ন পূরণ এবং সংকট অবসানের জন্য একটা পথ খুঁজে বের করবো আমি।”

সহিংসতা বিক্ষুব্ধ পূর্ব তিমুরে শান্তি ফিরিয়ে আনতে বিভিন্ন বিদ্রোহী উপদল ও গ্র“পগুলোকে সংঘাত বন্ধ করার আহবান জানিয়ে বলেন, “আমাদের সবরকম সহিংসতা বন্ধ করতে হবে কারণ তা শুধু ধ্বংসই ডেকে আনে।”

রামোস হোর্তার এ ভাষণ পূর্ব তিমুরের রাষ্ট্রীয় ভাষা তেতাম, পর্তুগিজ, ইংরেজি ও ইন্দোনেশীয় ভাষায় প্রচারিত হয়।

পশ্চিম ঘেঁষা রামোস - হোর্তা সংস্কারপন্থী হিসেবে পরিচিত। দেশের প্রাকৃতিক ও খনিজ সম্পদকে কাজে লাগিয়ে সেখানে বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করার মধ্য দিয়ে দেশটির অর্থনৈতিক উন্নয়ন ও জনগনের কর্মসংস্থানের ঘোষণা দিয়েছেন তিনি।