সম্মেলন কেন্দ্র থেকে চিয়াং কাই-সেকের নাম মুছে ফেলেছে তাইওয়ান
তাইওয়ানের একটি সম্মেলন কেন্দ্র থেকে এর প্রতিষ্ঠাতা শাসক চিয়াং কাই-সেকের নাম মুছে ফেলেছে সরকার।
ঘটনাটি দ্বীপটির বিভক্ত রাজনীতির প্রতিফলন বলে বিবেচিত হচ্ছে। দ্বীপটির শক্তিমান শাসকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে প্রায় তিন দশক আগে নির্মিত হয় এই সম্মেলন কেন্দ্রটি। এখন থেকে এই কেন্দ্রটি দ্বীপটির গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক হিসেবে বিবেচিত হবে।
সরকার সম্মেলন কেন্দ্রটির নাম পাল্টে রাখে তাইওয়ান ডেমোক্রেটি মেমোরিয়াল হল। শনিবার সেখানে একটি নতুন নামফলক উন্মোচিত হয়। তবে সরকার বলেছে ৬২ একর জমির ওপর অবস্থিত সম্মেলন কেন্দ্রটিতে চিয়াং কাই-সেক স্মরণে যেসব জিনিসপত্র প্রদর্শনীর জন্য রাখা হয়েছিল সেগুলো সরানো হবে না।
তাইওয়ানের রাজধানী মধ্য তাইপেতে অবস্থিত ওই সম্মেলন কেন্দ্র থেকে যখন সাবেক প্রেসিডেন্ট চিয়াং কাই-সেকের নাম মুছে ফেলা হচ্ছিল তখন তার হাতে গড়া বর্তমান বিরোধী রাজনৈতিক দল কুয়োমিনটাঙের সমর্থকরা এর প্রতিবাদে সেখানে একটি সভা আয়োজনের চেষ্টা করে। কিন্তু দাঙ্গা পুলিশের লাঠির আঘাতে সমাবেশ ছত্রভঙ্গ হয়ে যায়।
১৯৪৯ সালে চীনা সেনারা চিয়াং কাই-সেকের সেনাদের কঠোর হাতে দমন করার পর তিনি তাইপে চলে আসেন। এর আগ পর্যন্ত তিনি মূল চীনা ভূখণ্ডে থেকেই দ্বীপটি শাসন করতেন। তবে ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) তাকে ১৯৪০ এর দশকে রাজনৈতিক বিরোধীদের দমনসহ অন্যান্য দমনাভিযান চালানোর জন্য দায়ি করে থাকে।
সম্মেলন কেন্দ্রটি থেকে চিয়াং কাই-সেকের নাম মুছে ফেলা প্রসঙ্গে সরকার এক বিবৃতিতে জানায়, “একক ক্ষমতাধর শাসক স্মরণে নির্মিত এই ভবনটি যেভাবে তৈরি করা হয়েছে তাতে কেবল একজন ব্যক্তিরই আদর্শের প্রতিফলন ঘটছিল। ঠিক একই সময় এ ভবনটি ১৯৮৭ সালে শুরু হওয়া রাজনৈতিক পটপরিবর্তন ও উদারীকরণের সময়ে গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের কর্মীদের মিলনস্থল হয়ে উঠেছিল। ওই বছর থেকে তাইওয়ান ৩৮ বছরের সামরিক শাসনের শৃঙ্খল থেকে মুক্ত হয়।”
কয়েক বছর আগে তাইওয়ানের ইতিহাস থেকে চিয়াং কাই-সেকের নাম মুছে ফেলার কাজ শুরু হয় দ্বীপটির বিভিন্ন স্থানে স্থাপিত তার মূর্তি সরিয়ে নেওয়ার মধ্য দিয়ে। গত বছর তার নামে রাখা আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করা হলে এ নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে। এরপর এ বছরের প্রথমদিকে সামরিক ঘাঁটিগুলো থেকে চিয়াং কাই-সেকের নাম মুছে ফেলা হয়।
