২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাসায়নিক কারখানার ব্যবস্থাপক হলেন উ কোরিয়ার বরখাস্ত প্রধানমন্ত্রী

সংস্কারপন্থী হিসেবে পরিচিত উত্তর কোরিয়ার বরখাস্ত প্রধানমন্ত্রী পাক পোং-জু কে একটি রাসায়নিক শিল্প কারখানার প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত মাসে তাকে বরখাস্ত করা হয়েছিল। দক্ষিণ কোরিয়ার ইয়নহ্যাপ বার্তা সংস্থা একথা জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2007, 03:15 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

৬৮ বছর বয়সী পোং - জু এখন সিনথেটিক ফাইবার কমপ্লেক্সের প্রধান প্রশাসনিক ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করবেন। রাজধানী পিয়ংইয়ং এর উত্তরে প্রায় এক দশক আগে এ শিল্প প্রতিষ্ঠানটি স্থাপন করা হয়।  উত্তর কোরিয়ার গোয়েন্দা দপ্তরের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র ইয়নহ্যাপকে একথা জানায়।

দক্ষিণ কোরিয়ার পুনরেকত্রীকরণ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নিচ্ছেন তারা ।

পাক পোং - জু কে উত্তর কোরিয়ার দারিদ্র পীড়িত অর্থনীতির সংস্কার ও উন্নয়নের একজন অগ্রসৈনিক বলে মনে করা হতো। দুবছর আগে চীনের অর্থনৈতিক অগ্রগতি সম্পর্কে ধারণা নেওয়ার জন্য অনেক ঢাকঢোল পিটিয়ে পোং - জু কে প্রতিবেশী ও ঘনিষ্ঠ মিত্র দেশটি সফরে পাঠানো হয়। দেশে ফিরে অনেক প্রকল্পে হাত দেন পোং -জু । এপ্রিল মাসে তাকে বরখাস্ত করে পরিবহণ মন্ত্রীকে তার স্থলাভিষিক্ত করা হয়।

উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রীর হাতে খুব সামান্যই ক্ষমতা থাকে বলে এ পদটির তেমন কোনো গুরুত্ব নেই। সেখানে সর্বময় ক্ষমতার অধিকারী কম্যুনিস্ট দেশটির নেতা কিম জং ইল।