ইরাক যুদ্ধে জোট বাঁধায় দুঃখিত নন বুশ-ব্লেয়ার
ইরাক যুদ্ধে একে অপরকে সঙ্গ দেওয়া নিয়ে দুঃখিত নন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও বিদায়ী ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। তা এর জন্য দেশে-বিদেশে তারা যতই আলোচিত-সমালোচিত হোন না কেন। ইরাক যুদ্ধ নিয়ে জনঅসন্তোষের পথ ধরে চাপের মুখে ব্লেয়ারের আগাম পদত্যাগের ঘোষণা আর অন্যদিকে, দেশে ইরাক যুদ্ধ-বিরোধীতা সামলাতে বুশের হাঁসফাঁস অবস্থার মধ্যেও হোয়াইট হাউসের বিদায় সম্মেলনে এ নিয়ে কোনো দু:খ করেননি কেউই। বরং উল্টো কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের প্রশংসা আর ইরাক যুদ্ধে সমালোচকদের এক হাত নিয়ে আত্মপক্ষই সমর্থন করেছেন তারা।
সংবাদ সম্মেলনে ব্লেয়ারের প্রসংশায় বুশ বলেন, “রাজনৈতিক প্রক্রিয়ায় অনেক ঝড়-ঝঞ্ঝা থাকে। ব্লেয়ার অনেক অভিযোগের মুখে থেকেও সেই ঝঞ্ঝা পাড়ি দিয়েছেন।” ওদিকে বুশের প্রসংশায় পঞ্চমুখ ব্লেয়ার বলেন, “তিনি খুবই শক্তিশালী নেতা। দেশের যে সময় শক্তিশালী নেতৃত্বের দরকার ছিল ঠিক সে সময়টিতেই তিনি শক্ত হাতে নেতৃত্ব দিয়েছেন।”
ইরাক যুদ্ধনীতিতে এতবছর পাশে থাকা ঘনিষ্ঠ বন্ধু ব্লেয়ারকে বিদায় জানাতে বৃহস্পতিবার হোয়াইট হাউসে ওই বিদায় সম্মেলনের আয়োজন করেন বুশ। কিন্ত ব্লেয়ারের ২৭ জুন পদত্যাগের ঘোষণা এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসাবে হোয়াইট হাউস সম্মেলনে শেষবারের মতো তার যোগদান ইরাক যুদ্ধেরই রাজনৈতিক মূল্য। ওই যুদ্ধে বুশের পাশে দাঁড়ানো এবং তার প্রতি সমর্থন অব্যাহত রাখার কারণেই ব্লেয়ারকে এই মাশুল দিতে হয়েছে। সমালোচকরা তাকে এজন্য বুশের খয়ের খাঁ বলেও নিন্দা করেছেন।
ইরাক যুদ্ধের কারণে বুশ-ব্লেয়ার দুজনেরই ভাবমূর্তি নষ্ট হয়েছে। জনপ্রিয়তায় নেমেছে ধ্বস। এই বিরূপ পরিস্থিতিতে প্রচণ্ড চাপের মুখে ব্লেয়ারই আগে ক্ষমতা থেকে সরে যাচ্ছেন। ফলে ইরাক যুদ্ধনীতিতে নি:সঙ্গ হওয়ার পালা আসছে বুশের। বুশ ইতোমধ্যেই বলেছেন, তিনি তার এই বন্ধুকে বড্ড মিস করবেন।
ক্ষমতা থেকে ব্লেয়ারের এই আগাম বিদায়ের জন্য বুশ খানিকটা দায়ী কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মৃদু হেসে বুশ বলেন “হতেও পারে। আমি জানি না।”
এদিকে, ব্লেয়ার জানান, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের পরই তিনি বুশের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এর প্রভাব-পরিণতি সবকিছু ভেবেই তিনি ওই সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান। পাশাপাশি ব্লেয়ার বলেন, আমি ওই সিদ্ধান্তের জন্য দু:খিত নই। বরং আমাদের দুজনের এই ঘনিষ্ঠ সম্পর্কের জন্য আমি গর্বিত।”
ব্রিটেনের চেয়ে যুক্তরাষ্ট্রেই ব্লেয়ারের জনপ্রিয়তা বেশি। বুধবার সন্ধ্যায় সম্মেলনে যোগ দিতে এসে প্রণঢালা অভিনন্দনই তা প্রমাণ করেছে। ব্লেয়ারকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বুশ বলেন, “আপনি খ্যাতনামা ব্যক্তি।” ব্লেয়ারকে হোয়াইট হাউসের লবিতে নিয়ে যেতে যেতে একগুলো বলেন বুশ। এরপর একান্তে নৈশভোজে যাওয়ার আগে ছবির জন্য ক্যামেরায় পোজ দেন দুজন ।
হোয়াইট হাউসের ‘এক্সেকিউটিভ ম্যানসনে’ রাত কাটিয়ে ব্লেয়ার এরপর বুশের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেন। সেখানে বুশের সঙ্গে কয়েকটি বিষয় নিয়ে ব্লেয়ার আলাপ করেন।
এর মধ্যে আগামী মাসে জার্মানিতে অনুষ্ঠিতব্য জি-৮ সম্মেলনের আগেই বিশ্ব উষ্ণায়ন ইসুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের ব্যবধান কমিয়ে আনা, স্থগিত হয়ে যাওয়া বিশ্ব বাণিজ্য আলোচনা এগিয়ে নেওয়া এবং আফ্রিকায় দারিদ্র দূরীকরণ আলোচনা স্থান পায়।
তবে সবকিছুকে ছাপিয়ে দুজনের আলোচনায় উঠে আসে ইরাক যুদ্ধ প্রসঙ্গ। কারণ, বুশ ও ব্লেয়ারের বন্ধুত্ব গড়ে ওঠার পেছনে রয়েছে এ যুদ্ধ।
সম্মেলনে ব্লেয়ার ইরাক থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারে বিরোধীদলের নেতৃত্বাধীন কংগ্রেসের প্রচণ্ড চাপের মুখে থাকা প্রেসিডেন্ট বুশকে নৈতিক সমর্থন দেন। অন্যদিকে, ব্লেয়ারের কাছ থেকে তার উত্তরসূরী গর্ডন ব্রাউনের ইরাক নীতি অক্ষুন্ন রাখার নিশ্চয়তা চান বুশ।
ব্রিটেনের ভাবী প্রধানমন্ত্রী ব্রাউন ইতমধ্যেই ইরাকে ভুল হয়েছে বলে স্বীকার করে নিয়েছেন। তবে তিনি ইরাক থেকে এখনই সেনা না ফেরানোর পক্ষেই কথা বলেছেন। ওদিকে, বুশও বলেছেন, তিনি ব্রাউনের সঙ্গে কাজ করতে প্রস্তুত। কিন্তু ব্রাউন এখন ব্লেয়ারের সুরে কথা বললেও তিনি তার পূর্বসূরীর মতো বুশের সঙ্গে অতটা ঘনিষ্ঠতা রাখবেন না বলেই মনে করা হচ্ছে। এরকম আভাসও ব্রাউন ইতোমধ্যেই দিয়েছেন।
