রাস্তার পাশে রান্না করা খাবারের ওপর দিল্লির সুপ্রিমকোর্টের নিষেধাজ্ঞা
ভারতের রাজধানী নয়াদিল্লিকে পরিষ্কার - পরিচ্ছন্ন রাখতে শহরটির ফুটপাতের ওপর খাবার রান্না করে বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সেদেশের সুপ্রিমকোর্ট। বৃহস্পতিবার সুপ্রিমকোর্ট এ রায় ঘোষণা করে।
সুপ্রিমকোর্টের এই সিদ্ধান্তে রাজধানীর হাজার হাজার খাদ্যামোদি অসন্তুষ্ট হবেন বলে ধারণা করা হচ্ছে। কারণ, রাস্তায় তৈরি এসব পরোটা ও গরম তেলে ভাজা সামুচা এদের সকালের ও দুপুরের ক্ষুধা মেটাতে সরবরাহ করা হত।
ঐতিহ্যবাহী চা বিক্রেতার ক্ষেত্রে অবশ্য এ রায় প্রযোজ্য হবে না। তবে তাদের ক্ষেত্রে একবার ব্যবহার করে ফেলে দেওয়া যায় এমন গ্লাসে বা কাপে চা সরবরাহ করার নির্দেশ দেওয়া হয়েছে।
সুপ্রিমকোর্ট রাস্তার হকারদের নিয়ন্ত্রণে আরও কিছু আইন অনুমোদন করেছে, যেখানে বলা হয়েছে এসব হকাররা ফুটপাতের ওপর চলাচলের জন্য ১.৫ মিটার জায়গা ছেড়ে দিয়ে তারপর তাদের পণ্য বিক্রি করতে পারবেন।
নয়াদিল্লি হকার উন্নয়ন কমিটি সুপ্রিমকোর্টের এ রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেছে, তারা এর বিরুদ্ধে আপিল করবে।
সুপ্রিমকোর্টের এ রায় প্রসঙ্গে কমিটির আইনজীবী এম এম কাসইয়াপ বলেন, “দিল্লি একটি ঐতিহ্যবাহী শহর এবং রাস্তার খাবার এর ঐতিহ্যের একটি অংশ।”
এদিকে সমালোচকরা বলছেন, নয়াদিল্লির পুলিশরা এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে অনাগ্রহ দেখাতে পারে, কারণ তারা নিজেরাই এদের কাছ থেকে ঘুষ খায়।
