১৬শ’ পরমাণু সেন্ট্রিফিউজ চালু করেছে ইরান
ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য ১৬শ’ সেন্ট্রিফিউজ চালু করেছে এবং আরও সেন্ট্রিফিউজ চালু করার পথে এগুচ্ছে। পরমাণু কর্মসূচির অংশ হিসাবেই একের পর এক সেন্ট্রিফিউজ চালু করছে ইরান। এক ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার একথা বলা হয়েছে।
ইরানে সেন্ট্রিফিউজ স্থাপনের বিষয়টি তত্বাবধানে নিয়োজিত কূটনীতিকরা এ পর্যন্ত তেহরানের সেন্ট্রিফিউজ বসানোর যে সংখ্যা উল্লেখ করেছিলেন সেটিই এর মধ্য দিয়ে নিশ্চিত হয়েছে।
ইরান বলেছে, তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য ৩ হাজার সেন্ট্রিফিউজ বসাবে। তাদের এ কর্মসূচি এবং পরিকল্পনা শান্তিপূর্ণ বলেই ইরান দাবি করেছে।
ইরানের সুপ্রীম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের উপসচিব আব্দুলরেজা রহমানি ফজলী বলেন, “নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে ৩ হাজার সেন্ট্রিফিউজ বসানোর পরিকল্পনা ইরানের রয়েছে। এর মধ্যে বর্তমানে ১৬শ’ টি সেন্ট্রিফিউজে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ চলছে।” ইরানের মেহের বার্তা সংস্থা আব্দুলরেজার এই উক্তি তুলে ধরে।
পশ্চিমা কূটনীতিকরা বলছেন, ৩ হাজার সেন্ট্রিফিউজ দিয়ে ইরান বছরে অন্ততপক্ষে একটি পরমাণু ওয়ারহেডের জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে। তবে প্রযুক্তিগত দুর্বলতার কারণে একাজ সামান্য বিঘিœতও হতে পারে বলেও জানান তারা।
