হামাস নিরাপত্তা ভবনে ইসরায়েলি হামলা, পাল্টা হুমকি হামাসের
ইসরায়েলি বাহিনী বৃহস্পতিবার গাজায় বিমান হামলা চালিয়ে হামাসের নিরাপত্তা সদরদপ্তর গুঁড়িয়ে দিয়েছে। এতে অন্ততপক্ষে দুজন নিহত হওয়াসহ ২০ জনেরও বেশি ফিলিস্তিনি আহত হয়। ফিলিস্তিনি জঙ্গিদের রকেট হামলার জবাবে বড় ধরনের এ হামলা চালায় ইসরায়েল। এ ঘটনার পরপরই হামাসের সশস্ত্র শাখা আবারও ইসরায়েলের বিরুদ্ধে আত্মঘাতী বোমা হামলা শুরুর পাল্টা হুমকি দিয়েছে।
হামাস সশস্ত্র শাখার মুখপাত্র আবু উবাইদা বলেছেন, “ইসরায়েল এ ঘটনার মধ্য দিয়ে হামাসের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ শুরু করল। এ যুদ্ধ রুখে দাঁড়াতে আমাদের সামনে আত্মঘাতী অভিযান চালানোসহ সব বিকল্প পথই খোলা আছে।”
ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে যাওয়া হামাসের নিরাপত্তা ভবনটি থেকে বৃহস্পতিবার কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। গত ছয়দিন ধরে ফিলিস্তিনের দুই প্রতিদ্বন্দ্বী দল হামাস ও ফাতাহর মধ্যে আভ্যন্তরীণ লড়াইয়ের মাঝে ইসরায়েল গাজার প্রাাণকেন্দ্রে অবস্থিত নিরাপত্তা ভবনটিতে হামলা চালাল।
তেলআবিব থেকে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বলেন, “বিমান হামলা চালানো হয়েছে এ ব্যাপারে আমি নিশ্চিত।” গাজার অধিবাসী এবং হামাস বেতার জানিয়েছে, যে ভবনটিতে হামলা হয়েছে সেটি হামাসের এক্সেকিউটিভ ফোর্সের সদরদপ্তর। এই বাহিনীর মুখপাত্র জানান, “ইসরায়েলি হামলায় ২ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ২০ জনেরও বেশি মানুষ। এছাড়া ধ্বসে পড়া ভবনের নীচে এখনও অনেকেই চাপা পড়ে আছে।”
এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের মুখপাত্র মিরি এইসিন বিমান হামলা চালানোর আগেই বলেছিলেন, “ইসরায়েল হামাসের রকেট থেকে তাদের নাগরিকদের রক্ষায় সব আত্মরক্ষামুলক পদক্ষেপই নেবে।”
