যুক্তরাষ্ট্র - ভারত পরমাণু চুক্তি স্বাক্ষর পিছিয়ে যেতে পারে
ভারতের সঙ্গে এ মাসেই পরমাণু চুক্তি স্বাক্ষর করা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র রয়টার্সকে বলেন, নয়াদিল্লিতে এ মাসেই ঊর্ধ্বতন কোনো মার্কিন কর্মকর্তা ভারত সফর করলেও চুক্তিটি চূড়ান্তভাবে অনুমোদনের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। চুক্তিটি দ্রুত স্বাক্ষরের জন্য যুক্তরাষ্ট্র ভারতের ওপর চাপ দিয়ে এলেও নয়াদিল্লি বলেছে, এ বিষয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে রাজি নয় তারা।
দুদিনের আলোচনা শেষে গত ১ মে দুই দেশের কর্মকর্তারা তাদের আলোচনায় দারুণ অগ্রগতি হওয়ার কথা বলেছিলেন। ওই সময় মার্কিন উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোলাস বার্নস ভারত সফর করেন। চুক্তিটি চূড়ান্ত অনুমোদনের জন্য তিনি মে মাসের দ্বিতীয়ার্ধে ভারত সফরে আসতে পারেন বলেও জানিয়েছিলেন তিনি।
কিন্তু বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেন, বার্নস এ মাসেই ভারত সফর করবেন ঠিকই, তবে তার সফরসূচিতে এখন পর্যন্ত ভারতের সঙ্গে চুক্তি স্বাক্ষরের বিষয়টি অন্তর্ভুক্ত হয়নি।
দুই পক্ষ চুক্তি স্বাক্ষরের জন্য প্রস্তুত হওয়ার পরই বার্নস ভারতে যাবেন বলে তিনি জানান। তবে তিনি আরও জানান, কোনো পক্ষই ওই পর্যায়ে এখনও পৌঁছায়নি।
চুক্তিটি স্বাক্ষরিত হলে গত ৩০ বছরের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের পরমাণু জ্বালানি ও চুল্লি ব্যবহারের সুযোগ পাবে ভারত। ভারত অবশ্য এরই মধ্যে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এছাড়া দেশটি কখনই পরমাণু অস্ত্র বিস্তাররোধ চুক্তিতে স্বাক্ষর করেনি।
যুক্তরাষ্ট্র ওই চুক্তিটিকে দেখছে আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে ২১ শতকের বড় ধরনের অর্জন হিসেবে। কিন্তু ২০০৫ সালে চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেওয়ার পর থেকে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে টানাপড়েন চলছে।
মার্কিন কংগ্রেসের একটি সূত্র এর আগে জানিয়েছিলেন, চুক্তিটি নিয়ে দুই পক্ষ নিজেদের মধ্যকার মতপার্থক্য কমিয়ে আনতে সক্ষম হয়েছে। তবে তিনি বুধবার বলেন, পররাষ্ট্র দপ্তরের ওই বক্তব্য থেকে ধারণা করা যায়, চুক্তিটি স্বাক্ষর করা নিয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহে ভাটা পড়ার বিষয়টি নিশ্চিত এবং ওয়াশিংটন সম্ভবত নয়াদিল্লির কাছ থেকে গত সপ্তাহে এ নিয়ে কোনো ধরনের দুঃসংবাদ পেয়েছে। তিনি অবশ্য এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি।
