২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিন প্রধানমন্ত্রীর বাড়ির কাছে গুলিবর্ষণ

ফিলিস্তিন প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার বাড়ির কাছে বুধবার মধ্যরাতের আগে গোলাগুলি হয়েছে। তবে এতে কেউ আহত হননি বলে জানিয়েছেন হামাসপন্থী এক কর্মকর্তা। প্রথমে একে নিরাপত্তা রক্ষীদের ওপর হামলা বললেও পরে তিনি রক্তপাতহীন এ ঘটনাকে দুর্ঘটনা বলে আখ্যায়িত করেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2007, 12:28 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

ওইদিনই হানিয়ার নেতৃত্বাধীন হামাস ও প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহর মধ্যে কয়েক দিনের চলমান সহিংসতার পর অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। এর প্রায় চার ঘণ্টা পর স্থানীয় সময় রাত ১১টার দিকে গাজার উপকূলীয় এলাকায় শরণার্থী শিবিরে অবস্থিত হানিয়ার বাসার কাছাকাছি এ ঘটনা ঘটে।

হামাসের প্রতি সহানুভূতিশীল ওই কর্মকর্তা প্রথমে জানিয়েছিল, তিনজন অজ্ঞাত পরিচয় বন্দুকধারী হামাসের নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে সারাসরি গুলি ছোড়ে। কিন্তু পরে তিনি বলেন, আপাতদৃষ্টিতে মনে হচ্ছে তাদের এরকম কোনো কিছু ঘটানোর ইচ্ছে ছিল না এবং এটা নিছক একটি দুর্ঘটনা। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আর বিস্তারিত কিছু জানা যায়নি।