জাতিসংঘকে লেবানন প্রেসিডেন্টের হুঁশিয়ারি
লেবাননের প্রেসিডেন্ট এমিলে লাহুদ জাতিসংঘকে সতর্ক করে বলেছেন, ২০০৫ সালে দেশটির সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরির সন্দেহভাজন হত্যাকারীদের বিচারে বিশেষ ট্রাইবুনাল গঠন করা হলে অস্থিতিশীল হয়ে উঠতে পারে দেশটি। সিরিয়াপন্থী হিসেবে পরিচিত প্রেসিডেন্ট লাহুদ এক বিবৃতিতে মঙ্গলবার একথা বলেন।
এদিকে, ওই আদালতকে অনুমোদন দিতে লেবানন সরকারের প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হওয়ার পর মাত্র একদিন আগে সোমবার দেশটির প্রধানমন্ত্রী ফুয়াদ সিনিওরা জাতিসংঘ মহাসচিব বান কি মুনকে লেখা এক চিঠিতে নিরাপত্তা পরিষদকে এককভাবেই ওই ট্রাইবুনাল গঠনের আহ্বান জানান।
প্রধানমন্ত্রী সিনিওয়ারর ওই আহ্বানের সমালোচনা করে প্রেসিডেন্ট লাহুদ বলেন, “এ উদ্যোগ লেবাননের সাংবিধানিক বিধিবিধানকে পুরোপুরি পাশ কাটিয়ে যাবে।”
ফেব্র“য়ারি মাসে জাতিসংঘ মহাসচিবকে লেখা নিজের চিঠি থেকে উদ্ধৃতি দিয়ে লাহুদ বলেন, “এটা শুধু লেবাননের স্থিতিশীলতাকেই হুমকির মুখে ফেলবে না, বরং একইসঙ্গে নিরপেক্ষ বিচার কাজ পরিচালনার ক্ষেত্রে আদালতের সামর্থ্য নষ্ট করে দেবে।”
সিনিওরার প্রচেষ্টাকে দোষারোপ করে তিনি বলেন, “তিনি নিরাপত্তা পরিষদকে টেনে আনার জন্য ঘটনার মিথ্যা ভাষ্য হাজির করছেন এবং এর মধ্য দিয়ে লেবননের এক রাজনৈতিক দলকে আরেক দলের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছেন।”
অন্যদিকে নিউইয়র্কে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত এবং নিরাপত্তা পরিষদের চলতি মাসের সভাপতি জালমে খলিলজাদ বলেছেন, ওই ট্রাইবুনাল গঠনে একটি প্রস্তাবের বিষয়ে আলাপ আলোচনা শুরু হয়েছে। এ সপ্তাহের শেষে এ বিষয়ে একটি খসড়া সদস্যদের কাছে পাঠানো হবে বলেও আশা করছেন তিনি।
প্রেসিডেন্ট লাহুদের মতোই প্রধানমন্ত্রী সিনিওরার সরকারকে অসাংবিধানিক বলে মনে করেন লেবানন পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরিহ। তাই বিশেষ ট্রাইবুনাল গঠনের অনুমোদন দিতে পার্লামেন্ট অধিবেশনের সভাপতিত্ব করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। ফলে জাতিসংঘ বিশেষ ট্রাইবুনাল গঠনের জন্য নিজ দেশের অনুমোদন পাননি সিনিওরা।
এমিলে লাহুদ ও নাবিহ বেরিহ দুজনেই সিরিয়াপন্থী হিসেবে পরিচিত এবং সিরিয়ার কলকাঠিতেই তারা আদালতের কার্যক্রম পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করছে সিনিওরাপন্থীরা।
এদিকে লেবাননের বিরোধী দলের মধ্যে রয়েছে সিরিয়াপন্থী হিজবুল্লাহ। বিশেষ ট্রাইবুনাল গঠনের বিষয়টি তারা মেনে নিলেও ওই আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দলটি। তাই ওই ট্রাইবুনালের বিশদ ম্যান্ডেট জানতে চায় তারা।
পশ্চিমের ঘনিষ্ট মিত্র হিসেবে পরিচিত দেশটির সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরির মৃত্যুর জন্য সরাসরি সিরিয়কে দায়ি করে আসছে লেবাননের পশ্চিমা মিত্ররাসহ দেশটির সিরিয়াবিরোধী রাজনৈতিক জোট। কিন্তু সিরিয়া বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।
