ইরাক, আফগানিস্তানে বুশের ‘যুদ্ধনেতা’ জেনারেল লিউট
প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ অবশেষে ইরাক ও আফগানিস্তানের জন্য একজন ‘যুদ্ধনেতা’ খুঁজে পেয়েছেন। মঙ্গলবার মার্কিন সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ডগলাস লিউটকে নতুন এ পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস। সিনেট অনুমোদন দিলেই ৫৪ বছর বয়সী লিউট ইরাক ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের যুদ্ধনীতি বাস্তবায়নের প্রধান ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রেসিডেন্ট বুশ বলেছেন, “জেনারেল লিউট দারুণ কেতাদুরস্ত সামরিক নেতা, তিনি যুদ্ধ ও সরকার দুটোই বোঝেন এবং জানেন কীভাবে তা চালাতে হয়।”
“ইরাক ও আফগানিস্তানে আমাদের নীতি ও কৌশলের প্রয়োগ এবং বাস্তবায়নের সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন জেনারেল লিউট।”
নতুন যুদ্ধনেতা নিয়োগ প্রসঙ্গে হোয়াইট হাউস মুখপাত্র টনি স্নো বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে যে আমরা বহুমাত্রিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যুদ্ধনেতার পদ তারই প্রমাণ। নানা মাত্রার এসব কার্যক্রমরে মধ্যে সমন্বয়ের বিষয়টিও অত্যন্ত জরুরি।”
“ওই অঞ্চলের ব্যাপক অভিজ্ঞতা সমৃদ্ধ ব্যক্তি জেনারেল লিউট। তিনি সেখানকার সব প্রতিপক্ষকে চেনেন।”
ইরাক ও আফগানিস্তানে যুদ্ধ পরিচালনার ওপর মার্কিন প্রেসিডেন্টের আরও জোরদার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য হোয়াইট হাউস নতুন এ পদটি সৃষ্টি করেছে। যুদ্ধনেতার এ পদে যোগদানকারী ব্যক্তি সরাসরি মার্কিন প্রেসিডেন্টের কাছে জবাবদিহি করবেন এবং তার কাছেই দায়বদ্ধ থাকবেন। এমনকি, যুদ্ধ সংশ্লিষ্ট বিষয়ে পেন্টাগন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওপরও ছড়ি ঘোরাতে পারবেন নতুন যুদ্ধনেতা।
প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, জেনারেল লিউটের পদটি হবে উপ - জাতীয় নিরাপত্তা উপদেষ্টার। তিনি সরাসরি প্রেসিডেন্ট বুশ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্টিফেন হ্যাডলির সঙ্গে কাজ করবেন।
তিন তারকা বিশিষ্ট জেনারেল ডগলাস লিউট এর আগে ইরাক ও আফগানিস্তানে যুদ্ধ চালনার জন্য সেখানকার হেড অফ অপারেশন্সের দায়িত্ব পালন করেছেন। তাছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ সামরিক দায়িত্ব পালন করেন তিনি।
