২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এমএমএর চ্যালেঞ্জের মুখে মুশাররফের নেতৃত্ব

পাকিস্তানের প্রেসিডেন্ট এবং সেনাপ্রধানের পদ থেকে পারভেজ মুশাররফের অপসারণের দাবিতে সুপ্রীম কোর্টে আবেদনপত্র দাখিল করেছে বিরোধীদলীয় ইসলামিক জোট মুত্তাহিদা মজলিস ই-আমল (এমএমএ)।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 May 2007, 06:02 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

এমএমএ প্রধান কাজী হুসেইন আহমেদ মুশাররফের নেতৃত্বকে চ্যালেঞ্জ করে সোমবার এই পদক্ষেপ নেন।

পাকিস্তানে বরখাস্ত প্রধান বিচারপতিকে নিয়ে বিচার বিভাগে ঘোরতর সঙ্কটের পরিপ্রেক্ষিতে কাজী হুসেইন এ পদক্ষেপ নিলেন। এতে করে ইতোমধ্যেই পদত্যাগের চাপের মুখে থাকা মুশাররফের নেতৃত্ব আরেক দফা চ্যালেঞ্জের মুখে পড়ল।

হুসেইন আহমেদের মুখপাত্র শহীদ শামসি রয়টার্সকে জানান, “আমরা প্রেসিডেন্ট এবং সেনাপ্রধান দুপদ থেকেই মুশাররফের পদত্যাগ দাবি করেছি। কারণ, তিনি কোনো পদই ধরে রাখার যোগ্য নন।”

আবেদনপত্রে হুসেইন আহমেদ লেখেন, “মুশাররফকে সেনাপ্রধানের পদ থেকে অপসারণ করা উচিত। কারণ, সামরিক উর্দি পরে রাজনীতিতে অংশ নিয়ে তিনি শপথ ভঙ্গ করেছেন। একইসঙ্গে সেনাবাহিনীকে রাজনীতিতে টেনে এনে তিনি প্রেসিডেন্ট পদে থাকার যোগ্যতাও হারিয়েছেন।”

উল্লেখ্য, মুশাররফ এর আগে ২০০৪ সালে এমএমএ’র সঙ্গে এক চুক্তির আওতায় সেনাপ্রধানের পদ ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু পরে তিনি তা থেকে সরে আসেন। সংবিধান অনুযায়ী, মুশাররফের এ বছর ডিসেম্বরেই সেনা প্রধানের পদ ছেড়ে দেওয়ার কথা রয়েছে।

কিন্তু মুশাররফ এ ব্যাপারে উদাসীনতারই পরিচয় দিচ্ছেন। বরং উল্টো তিনি এ বছর সেপ্টেম্বর কিংবা অক্টোবরে জাতীয় ও প্রাদেশিক পরিষদে পুনর্নির্বাচিত হওয়ার নীল নকশা করেছেন। আর এই পরিকল্পনায় বাধা সৃষ্টির আশঙ্কা থেকেই মুশাররফ প্রধান বিচারপতি ইফতেখার চৌধুরীকে বরখাস্ত করেছেন বলে বিশ্লেষকদের ধারণা।