২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক মেরামতে মস্কো সফরে রাইস

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইস রাশিয়ার সঙ্গে সম্পর্ক মেরামতের লক্ষ্যে সোমবার মস্কো পৌঁছেছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 May 2007, 05:34 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং কসোভোর ভবিষ্যৎ নিয়ে সম্প্রতি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মতানৈক্য থেকে দু'দেশের সম্পর্কে টানাপোড়েন নতুন স্নায়ুযুদ্ধের দিকে মোড় নিচ্ছে-এমন আশঙ্কার মাঝেই রাইস দু’দিনের এ সফরে গেলেন।

রাশিয়ার কর্মকর্তারা বলেছেন, তারা রাইসের সঙ্গে ধীরস্থির এবং ইতিবাচক আলোচনারই প্রস্তুতি নিচ্ছেন। গত কয়েকমাসে মস্কো ও ওয়াশিংটনের মাঝে উত্তপ্ত বাক্যবিনিময়ের পর রাইসের সঙ্গে রুশ কর্মকর্তাদের আলোচনার এই প্রস্তুতিতে পরিস্থিতি ভিন্নদিকে মোড় নেবে বলেই মনে করা হচ্ছে। তবে মস্কো সতর্ক করে দিয়ে বলেছে, তারা মার্কিন আলোচকদের জন্য নিবেদিতপ্রাণ হবে না।

এ প্রসঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের প্রধান মুখপাত্র মিখাইল কামিনিন বলেন, “আমরা সবসময়ই মার্কিন পার্টনারদের খোলাখুলি আলোচনার জন্য আমন্ত্রণ জানাই। কিন্তু তাই বলে তাদের মত বা দৃষ্টিভঙ্গি অন্যদের ওপর চাপানোর চেষ্টা করি না। আমাদের কোনো ব্রিফিং এর প্রয়োজন নেই। আমাদের দরকার যৌথভাবে কাজ করে যাওয়া, সঙ্কট সমাধানের জন্য একযোগে পথ খোঁজা।”

মস্কো সফরকালে রাইস প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। গত ফেব্রুয়ারিতে মিউনিখে এক ভাষণে পুতিন ওয়াশিংটনের বৈদেশিক নীতির কড়া সমালোচনা করে পশ্চিমা বিশ্বকে হতবাক করে দেওয়ার পর রাইসই সবচে ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা যিনি মস্কো সফরে গেলেন।

পুতিনের ওই ভাষণের পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস সতর্ক করে দিয়ে বলেছিলেন, পুতিন স্নায়ুযুদ্ধ যুগকেই টেনে আনছেন। ওই যুগ যেন আর ফিরে না আসে সে ব্যাপারে গেটস তাকে সতর্ক করে দেন।

জার্নাল রাশিয়া ইন গ্লেবাল এফেয়ার্স এর সম্পাদক ফয়োডোর লুকানভ বলেছেন, যুক্তরাষ্ট্র আর রাশিয়ার মতভেদের পাল্লা এতটাই ভারী যে কোনো ইসুতে দুপক্ষের মধ্যে অচলবস্থা নিরসনের সম্ভাবনা খুবই কম।

তবে তিনি এও বলেন যে, রাইসের বৈঠকে মস্কো ও ওয়াশিংটনের মধ্যকার বৈরিতা কিছুটা হলেও মিটতে পারে। তিনি আরও বলেন, “রাইসের সঙ্গে বৈঠকে বাদানুবাদ হবে না। কারণ, নিয়মানুয়ায়ী, বৈঠকের সময় কোনো পক্ষই একে অপরকে অপ্রীতিকর কোনো কিছু না বলারই চেষ্টা করে।”