ইরাক থেকে শিগগিরি সেনা ফেরাচ্ছেন না ব্রাউন
ব্রিটেনের ভাবী প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন ইরাক থেকে এ মুহূর্তে সেনা প্রত্যাহারের সম্ভাবনা নাকচ করেছেন।
তার নেতৃত্বে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে এমন দুজন বামপন্থি প্রার্থীর বিপরীতে আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেওয়ার সময় ব্রাউন ওই কথা বলেন।
বিদায়ী প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের উত্তরসূরি ব্রাউন ইরাক থেকে শিগগিরি সেনা ফিরিয়ে আনতে পারেন বলেই গুঞ্জন উঠেছিলো ব্রিটিশ গণমাধ্যমে। কারণ, ইরাক যুদ্ধে সেনা পাঠানোর পর থেকেই ব্লেয়ারের জনসমর্থন কমে এসেছিলো। কিন্তু সে সম্ভাবনা নাকচ করে ওই জল্পনা-কল্পনার অবসান ঘটালেন ব্রাউন।
বামপন্থী দুই আইনপ্রণেতা মিখায়েল মিচের এবং জন ম্যাকডোনালের সঙ্গে লন্ডনে ৮০ মিনিটের বিতর্ক অনুষ্ঠানে বৈদেশিক ও আভ্যন্তরীণ নীতি নিয়ে তুমুল বাক-বিতন্ডা চলাকালে ব্রাউন স্পষ্টতই সেনা প্রত্যাহারের সম্ভাবনা নাকচ করেছেন এবং ইরাকে ব্রিটিশ সেনা উপস্থিতির পক্ষে যুক্তি দেখিয়েছেন।
ব্রাউন বলেন, “ইরাকে ব্রিটিশ সেনা সংখ্যা অনেকটাই কমে এসেছে। কিন্তু যে স্বল্প সংখ্যক সেনা সেখানে আছে তারা ইরাকি জনগণের নিরাপত্ত বিধানে দায়বদ্ধ। ইরাকে সেনা উপস্থিতি নিয়ে যতই মতভেদ থাক, এ মুহূর্তে সেনাদেরকে দেশে ফিরতে বলাটা ঠিক হবে না। সে সময় এখনো হয়নি।”
ব্রাউন আরও বলেন, “ আমরা ইরাকে একটি নতুন অধ্যায় শুরু করতে চলেছি। কারণ, ইরাকের ৪টি প্রদেশের মধ্যে ৩টিরই নিরাপত্তাভার ইরাকের হাতে তুলে দিয়েছে ব্রিটিশ সেনারা।”
ব্লেয়ারের কথার প্রতিধ্বনি করে ব্রাউন এও বলেন যে, সুদানের দারফুর প্রদেশে সংঘাত নিরসেন আন্তর্জাতিক সামরিক অভিযান তিনি সমর্থন করেন। আগামী কয়েকমাসেই এ অভিযান জরুরি বলে মনে করেন তিনি। এখন প্রশ্ন হলো আন্তর্জাতিক সম্প্রদায় নিষেধাজ্ঞা বিশেষত অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে বের হয়ে আফ্রিকান ইউনিয়ন এবং জাতিসংঘ বাহিনীর সহায়তায় সেখানে বেসামরিক লোকজনকে রক্ষার পদক্ষেপ নেবে কিনা সেটি।
ব্রাউনের কথার বিরোধিতা করে তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিচের বলেন, আগামী কয়েক মাসেই বিটিশ সেনাদের ইরাক ছাড়া উচিত। কারণ ব্রিটিশ সেনারা ইরাকে দখলদ্বার বাহিনী হওয়ায় সেখানে আত্মঘাতী বোমা হামলার ঘটনা বাড়ছে।
৬৭ বছর বয়স্ক মিচের এবং ৫৫ বছর বয়স্ক ম্যাডোনেল দুজনের কেউ একজন ব্রাউনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারেন। এখন কেবল জনসমর্থন কুড়ানোর পালা। দুজনের মধ্যে যিনি ৪৫ শতাংশ জনসমর্থন আদায় করতে পারবেন তিনিই প্রতিদ্বন্দ্বিতায় নামবেন।
মিচেল এবং ম্যাকডোনেল দুজনই লেবার পার্টির ভবিষ্যৎ দিন নির্দেশনা নিয়ে বিতর্কের ডাক দিয়েছেন। তারা দুজনই ব্রিটেনে ক্রমবর্ধমান অসমতা এবং বাসস্থান সঙ্কটের অভিযোগ করেছেন। ওদিকে, ব্রাউন বলেন, লেবার পার্টি গত ১০ বছরে অনেকটাই উন্নতি করেছে। তাবে দলটির আরও অনেক কিছুই করার ছিলো। প্রধানমন্ত্রী হলে ব্রাউন শিশু ও পেনসন প্রাপ্তদের দারিদ্র দূরীকরণের প্রতিশ্রুতি দেন। এর আগে রোববার ব্রাউন দেশে ৫টি পরিবেশ সহায়ক শহর প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
