২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক নিয়ে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক আগামী সপ্তাহে

ইরাক সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের সঙ্গে আগামী সপ্তাহে আলোচনায় বসবে ইরান। ইরাকে নিরাপত্তা জোরদার, ইরাকি জনগণ ও সরকারকে সহায়তা দেওয়া নিয়ে বাগদাদে আগামী সপ্তাহে দুপক্ষের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 May 2007, 08:35 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আলি হোসাইনির উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘ইরনা’ রোববার একথা জনিয়েছে। হোয়াইট হাউসও বৈঠকের খবর নিশ্চিত করেছে। তবে তারা জানায়, ইরাকের নিরাপত্তা নিয়ে এ বৈঠক হবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে।

হোয়াইট হাউসের কর্মকর্তা গর্ডন জন্দ্রয়ে বলেন, “আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে ইরাকের মার্কিন রাষ্ট্রদূত রায়ান ক্রোকার আলোচনায় বসবেন বলে আশা করা যায়। ইরাককে সহায়তায় ইরান ফলপ্রসূ কোনো ভূমিকা রাখতে পারে কিনা তা নিশ্চিত করাই এ বৈঠকের লক্ষ্য। ইরান ইরাকের কতখানি উপযুক্ত প্রতিবেশী দেশ এর মধ্য দিয়েই তার প্রমাণ ডাওয়া যাবে।”

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে মুখপাত্র মোহাম্মদ আলি হোসাইনি জানান,“ ইরাকি জনগণের কষ্ট লাঘব করা, সরকারকে সহায়তা করা এবং সেখানে নিরাপত্তা পরিস্থিতি জোরদার করা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাগদাদে আলোচনায় বসবে ইরান।”

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তারা হোসাইনির এ বক্তব্যের সত্যতা নিশ্চিত করেছে।

হোসাইনি বলেছেন, “ বৈঠকের স্থান অবশ্যই ইরাক। তবে ঠিক কোথায় এবং কখন এ বৈঠক অনুষ্ঠিত হবে তা এখনও ঠিক হয়নি।” আগামী শুক্রবারের মধ্যে তা নিশ্চিত করা হবে বলেও তিনি জানান।”

উল্লেখ্য, অভিযোগ পাল্টা অভিযোগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনাপূর্ণ সম্পর্কের মাঝে দুপক্ষের মধ্যে আলোচনা হওয়া কঠিন এবং বিরল ব্যাপার। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ইরাকি জঙ্গিদের মদদদানের অভিযোগ করে আসছে। ওদিকে ইরান এ অভিযোগ অস্বীকার করেছে। পাশাপাশি তেহরান ইরাকে শিযা-সুন্নি দাঙ্গা উস্কে দোর জন্য ওয়াশিংটনকে পাল্টা দোষারোপ করেছে।

তবে বিশ্লেষকরা বলছেন, অভিযোগ পাল্টা অভিযোগের পরও দুপক্ষই ইরাকে সহিংসতার অবনতি নিয়ে উদ্বিগ্ন। একারণেই দুপক্ষ বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হয়েছে।

এর আগে মিশরের শারম আল শেখ এ ইরাক সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইস এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানুশেহর মোত্তাকির মধ্যে আলোচনা হওয়ার কথা থাকলেও দুই মন্ত্রী কেবল একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। তাদের মধ্যে গঠনমূলক কোনো আলোচনা হয়নি।

শারম আল শেখের ওই ঘটনার পর ইরান জানায়, দুপক্ষের মধ্যে আলোচনার পর্যাপ্ত প্রস্তুতি থাকলেই তারা আলোচনায় বসবে। ইরান এবং যুক্তরাষ্ট্রের আলোচনা করাতে বাগদাদ আগ্রহী ছিলো। সম্ভবত বাগদাদের আগ্রহের কারণেই ইরান এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনায় বসার সিদ্ধান্ত নিলো।