২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষ তালেবান কমান্ডার মোল্লা দাদুল্লাহকে হত্যার দাবি আফগান কর্তৃপক্ষের

শীর্ষ তালেবান কমান্ডার মোল্লা দাদুল্লাহ নিহত হয়েছেন বলে দাবি করেছেন আফগান কর্তৃপক্ষ। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে হেলমান্দ প্রদেশে এক সংঘর্ষে তিনি নিহত হন বলে সেখানকার একজন নিরাপত্তা কর্মকর্তা রোববার জানিয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 May 2007, 12:30 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

গত কয়েকবছরে বেশ কবার এই শীর্ষ তালেবান কমান্ডারের মৃত্যু এবং গ্রেপ্তারের গুজব শোনা গেছে।

দেশটির গোয়েন্দা বিভাগের একজন কর্মকর্তা সাইদ আনসারি জানান, “মোল্লা দাদুল্লাহ নিহত হয়েছেন এবং তার মৃতদেহ এখন কান্দাহারে রয়েছে।”

গোয়েন্দা বিভাগের আরেক কর্মকর্তার বক্তব্য অনুযায়ী শারীরিক প্রতিবন্ধি মোল্লা দাদুল্লাহ শনিবার রাতে আফগান সেনাদের সঙ্গে দক্ষিণাঞ্চলের হেলমান্দ প্রদেশে সংঘর্ষের সময় নিহত হন। তিনি সংঘর্ষটির নেতৃত্ব দিচ্ছিলেন। দুর্ধর্ষ গেরিলা মোল্লা দাদুল্লাহ অনেক বিদেশী এবং আফগানদের অপহরণের নেপথ্য নায়ক বলে ধারণা করা হয়।

মোল্লাহ দাদুল্লাহর নিহত হওয়ার খবর সত্যি হলে তা হবে তালেবানদের জন্য একটা বড়রকমের ধাক্কা। আর তা হবে আফগানিস্তানে এ যাবৎকালের অন্যতম শীর্ষ তালেবান কমান্ডারের মৃত্যু।

যুক্তরাষ্ট্রে নাইন ইলেভেন হামলার পর আফগানিস্তানে সেনা অভিযান চালিয়ে তালেবানদের ক্ষতাচ্যুত করে মার্কিন সেনারা। ক্ষমতাচ্যুত হলেও মার্কিন দখলদারিত্বের বিরুদ্ধে লড়ে দেশকে মার্কিন সেনামুক্ত করার চেষ্টা চালিয়ে আসছে তালেবানরা।

গত ডিসেম্বরে মোল্লা মোহাম্মদ আখতার ওসমানি নামে আরেক শীর্ষ তালেবান কমান্ডারকে হত্যা করে মার্কিন সেনারা।