নতুন গ্যাস পাইপলাইন স্থাপন করবে রাশিয়া, তুর্কমেনিস্তান ও কাজাখস্তান
রাশিয়া, তুর্কমেনিস্তান ও কাজাখস্তানের নেতৃবৃন্দ শনিবার কাস্পিয়ান সাগরের চারপাশে একটি নতুন গ্যাস পাইপলাইন তৈরির ব্যাপারে সম্মত হয়েছে। এর ফলে ওই অঞ্চলে গ্যাস সরবরাহের ক্ষেত্রে রাশিয়ার আঞ্চলিক আধিপত্য বজায় থাকবে।
নতুন পাইপলাইনের ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে মধ্য এশিয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ছয় দিনের সফর তুর্কমেনিস্তান থেকে সরাসরি গ্যাস পাওয়ায় ব্যাপারে যুক্তরাষ্ট্র, চীন ও ইউরোপের আশাকে দুরাশায় পরিণত করেছে।
রাশিয়ার জ্বালানিমন্ত্রী ভিক্টর ক্রিস্তেনকো কাস্পিয়ান সাগরের চারপাশে প্রস্তাবিত গ্যাস পাইপলাইনটি তার দেশে প্রবেশ করবে বলে নিশ্চিত করেছেন।
তিনি সাংবাদিকদের বলেন, “বর্তমান ও প্রস্তাবিত পাইপলাইনগুলো ক্রমবর্ধমান আঞ্চলিক বাজারের চাহিদার তুলনায় বেশি চাহিদা মেটাতে সক্ষম হবে।”
মধ্য এশিয়ার বৃহত্তম গ্যাস উৎপাদনকারী দেশ তুর্কমেনিস্তানের নতুন নেতা প্রেসিডেন্ট কুরবাঙ্গুলি বারদাইমুখামেদভ গ্যাস রপ্তানির নতুন পথ খুঁজছেন।
এরই পরিপ্রেক্ষিতে সাবেক সোভিয়েত যুগের সময়কার গ্যাস রপ্তানি অবকাঠামো উন্নয়নের জন্য উজবেকিস্তানের সঙ্গে কাজ করা এবং নতুন পাইপলাইন বসানো প্রশ্নে সেপ্টেম্বর মাসে চুক্তি স্বাক্ষর করা সংক্রান্তএকটি যৌথ বিবৃতি দিয়েছে তিনটি দেশ।
বিবৃতির উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানায়, “রাশিয়া, তুর্কমেনিস্তান এবং কাজাখস্তান সরকার ২০০৮ এর দ্বিতীয়ভাগ থেকে শুরু হতে যাওয়া প্রকল্পটির বাস্তবায়ন নিশ্চিত করবে।”
এ প্রসঙ্গে কাজাখ প্রেসিডেন্ট নুরসুলতান নজরবায়েভ বলেন, “এটা একটি সম্পূর্ণ বাস্তবসম্মত ও বাণিজ্যিক প্রকল্প... এর মধ্যে কোনো ধরনের রাজনীতি নেই।”
এদিকে যুক্তরাষ্ট্র, চীন ও ইউরোপ তুর্কমেনিস্তানের গ্যাসের ক্ষেত্রে সরাসরি প্রবেশাধিকার আশা করছিল। নতুন এই পাইপলাইন চুক্তি রাশিয়াকে বাদ দিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ট্রান্স-কাস্পিয়ান পাইপলাইন পরিকল্পনার প্রতি একটি আঘাত বলে বিবেচিত হচ্ছে।
