হদিস নেই ইরাকের কয়েক লাখ ব্যারেল তেলের
ইরাকের কয়েক লাখ ব্যারেল তেলের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। গত চার বছরে ইরাক সরকারের উৎপাদিত ও ঘোষিত পরিমাণ অনুযায়ী এসব তেলের কী হয়েছে সে সংক্রান্ত যথাযথ কোনো হিসেবও পাওয়া যাচ্ছে না।
ধারণা করা হচ্ছে, দুর্নীতি বা চোরকারবারীর সাহায্যে পাচার হয়ে গেছে কোটি কোটি মার্কিন ডলার মূল্যের ওই তেল। দি নিউইয়র্ক টাইমস পত্রিকা শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের গভার্নমেন্ট একাউন্টিবিলিটি অফিস (জিএও) এবং সরকারি জ্বালানি বিশেষজ্ঞদের একটি খসড়া প্রতিবেদনের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, ইরাকে দিনপ্রতি গড়পড়তা যে ২০ লাখ ব্যারেল তেল উৎপাদিত হয় তা থেকে এক থেকে তিন লাখ ব্যারেল হারিয়ে যাচ্ছে। প্রতিবেদনটি এ সপ্তাহে প্রকাশিত হতে পারে।
এতে বলা হয়েছে, প্রতি ব্যারেল তেলের দাম গড়ে ৫০ মার্কিন ডলার ধরা হলে হারিয়ে যাওয়া তেলের মূল্য দিনপ্রতি ছিল ৫০ লাখ থেকে দেড় কোটি মার্কিন ডলার পর্যন্ত। আর সে হিসেবে ২০০৩ সালের মার্চে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইরাক অভিযানের পর গত চার বছরে হদিস নেই কোটি কোটি মার্কিন ডলার মূল্যের তেলের।
নিউইয়র্ক টাইমস জানায়, তারা সরকারের অন্য একটি কার্যালয় থেকে প্রতিবেদনটির খসড়া পেয়েছে, যেখানে পর্যালোচনার জন্য একটি কপি পাঠিয়েছে জিএও। তবে জিএও খসড়াটি সম্পর্কে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে।
হারিয়ে যাওয়া তেলের কী হয়েছে এবং দুর্নীতি বা চোরাকারবারীর পাশাপাশি অন্য পন্থায় তা খোয়া গেছে কিনা সে সম্পর্কে চূড়ান্ত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি প্রতিবেদনে। তবে এতে উৎপাদনের পরিমাণ বেশি করে দেখানোর পাশাপাশি দুর্নীতি কিংবা চোরচালানির মতো বিকল্প বিষয়গুলোর ব্যখ্যা দেওয়া হয়েছে।
জ্বালানি খাতে কর্তব্যরত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা ওই প্রতিবেদনে উল্লিখিত কারণ সম্পর্কে ব্যাখ্যা দিতে চেয়েছেন। তিনি গ্যাস পাইপলাইনে চোরাগুপ্তা হামলা কিংবা দক্ষিণ ইরাকের তেল উত্তোলন সম্পর্কিত ভুল তথ্যের মতো বিষয়কে এর জন্য দায়ি বলে চিহ্নিত করতে চেয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা দক্ষিণের শিয়া জঙ্গিদের প্রতি ইঙ্গিত করে পত্রিকাটিকে বলেছেন, “এটা চুরিও হতে পারে।”
তিনি বলেন, “অঞ্চলটিতে শোধিত তেলের মতো লাভজনক নয় অশোধিত তেল। তবে আমরা অশোধিত তেল চুরির সম্ভাবনার বিষয়টিকেও উড়িয়ে দিচ্ছি না।”
এদিকে সরকারের বাইরের বিশ্লেষকরা বলছেন, উৎপাদিত ও প্রাপ্ত তেলের পরিমাণের মধ্যকার বিশাল ফারাক এটিই নির্দেশ করছে যে ইরাকে হয় বড় ধরনের চোরাকারবারী সক্রিয় রয়েছে, নতুবা উৎপাদনের হিসেব ঠিকমতো রাখছে না তারা।
