২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াচ্ছে ইরান-উত্তর কোরিয়া

ইরান এবং উত্তর কোরিয়া দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে একমত হয়েছে। শুক্রবার ইরানের একটি বার্তা সংস্থা একথা জানিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 May 2007, 06:18 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

ইরানের বার্তা সংস্থা আইএসএনএ জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মারুশেহর মোত্তাকি ও উত্তর কোরিয়া সফররত উপপররাষ্ট্র মন্ত্রী কিম ইয়ং-ইল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষর করেন।

মোত্তাকির উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থাটি জানায়, “ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সরকার উত্তর কোরিয়ার সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্ক ও সহযোগিতা আরও সম্প্রসারণ করতে আগ্রহী। এজন্য দুদেশের মধ্যকার কিছু বাধা অপসারণ এবং সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করা জরুরী।”

বৃহস্পতিবারের সম্পাদিত চুক্তি অনুযায়ী, দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী প্রতিবছর বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে মতামত বিনিময়ের লক্ষ্যে উভয় দেশে প্রতিনিধি দল পাঠাবেন।

উল্লেখ্য, ২০০১ সালে ক্ষমতা গ্রহণের পর মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইরান, উত্তর কোরিয়া এবং ইরাককে ‘শয়তানের চক্র’ আখ্যা দেন।

তারপর থেকে পশ্চিমা বিশ্ব ইরানের পরমাণু কর্মসূচি বন্ধের ব্যপারে চাপ দিয়ে আসছে। পশ্চিমা বিশ্বের আশঙ্কা ইরান আণবিক বোমা তৈরির চেষ্টা করছে। তবে ইরান বরাবর তা অস্বীকার করে আসছে।

অক্টোবরে উত্তর কোরিয়া প্রথম পারমাণবিক পরীক্ষা চালানের পর বিশ্বব্যপী সমালোচনার মুখে পড়ে। তবে এবছরের ফেব্রুয়ারিতে তারা জ্বালানী সাহায্যের বিনিময়ে পরমাণু কর্মসূচি বন্ধের ঘোষণা দিয়েছে।