প্রচারাভিযানে ব্রাউনকে সমর্থন দিলেন ব্লেয়ার, শক্তিশালী সম্পর্কের প্রতিশ্রুতি রাইসের
শ্রমিক দলের নেতা হওয়ার প্রচারাভিযানে নামা ব্রিটিশ অর্থমন্ত্রী চ্যান্সেলর গর্ডন ব্রাউনকে সমর্থন দিলেন বিদায়ী প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।
এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইসও ব্রিটেনের ভবিষ্যত নেতা ব্রাউনের সঙ্গে শক্তিশালী সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।
বৃহস্পতিবার ব্লেয়ারের পদত্যাগের ঘোষণার পর শুক্রবার থেকেই প্রচারাভিযানে নেমে পড়েছেন ব্রাউন। দলের নেতৃত্ব নিয়ে প্রতিযোগিতাও শুরু হয়ে গেছে। তবে এ প্রতিযোগিতায় ব্রাউনই জিতবেন এটি একরকম নিশ্চিত। দলের নেতা এবং উপ-নেতার নাম ২৪ জুনেই ঘোষণা করা হবে বলে জানিয়েছে শ্রমিক দল।
প্রচারাভিযানে ব্রাউনের প্রতি সমর্থন ব্যক্ত করে ব্লেয়ার সাংবাদিকদের বলেন, “শ্রমিক দলের নেতা এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে ব্রাউনকে সমর্থন দিতে পেরে আমি আনন্দিত। আমি তাকে পূর্ণ সমর্থন দেবো।”
এদিকে, বিবিসি বেতারে রাইস বলেন, ব্রাউনের শাসনামলেও লন্ডন এবং ওয়াশিংটন শক্তিশালী সম্পর্ক বজায় রাখবে বলেই তিনি বিশ্বাস করেন। তিনি বলেন, “ আমি জানি, ব্রিটেন এবং যুক্তরাষ্ট্র সবসময়ই বন্ধু থাকবে এবং ব্রাউন প্রধানমন্ত্রী হওয়ার পরও দু’দেশ বন্ধুত্বপূর্ণভাবে কাজ করে যাবে।”
রাইসের এ কথার প্রতিক্রিয়ায় ব্রাউনও ওয়াশিংটনের সঙ্গে শক্তিশালী সম্পর্ক রক্ষায় জোর দেন। তবে ইরাক আগ্রাসণকে কেন্দ্র করে বুশের সঙ্গে ব্লেয়ারের ঘনিষ্ঠতা নিয়ে যে সমালোচনা-বিতর্ক উঠেছিলো, সেরকম ঘনিষ্ঠ বন্ধুত্ব ব্রাউন এড়িয়ে চলতে চান বলেই ইঙ্গিত দেন।
ব্রাউনের সঙ্গে দলনেতা হওয়ার প্রতিযোগিতায় নামতে পারেন বাম-পন্থী শ্রমিক দলীয় এমপি মাইকেল মিচার কিংবা জন ম্যাকডোনেল। দুজনের মধ্যে কে প্রতিযোগিতায় নামবেন সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।
শ্রমিক এমপিরা মিচার কিংবা ম্যাকডোনেলকে সমর্থন দিলে তা ব্রাউনের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। নেতা হওয়ার প্রতিযোগিতায় নামতে যে ৪৪ জন এমপির সমর্থন প্রয়োজন তা পাওয়ার ব্যাপারে মিচেল ও ম্যাকডোনাল দুজনই আশাবাদী।
এদিকে, ব্রাউন এতোদিন অধীর আগ্রহে ব্লেয়ারের বিদায়ের অপেক্ষায় ছিলেন। সমালোচকদের মতে, দুজনের মধ্যে বৈরি সম্পর্কের কারণে সরকারের কার্যকারিতা ক্ষুন্ন হয়েছে।
তবে ব্লেয়ার পদত্যাগের ঘোষণা দেয়ার পর ব্রাউন তার প্রশংসাই করেছেন। ব্লেয়ারের নানা অর্জনকে চমৎকার, নজিরবিহীন এবং টেকসই আখ্যা দেন তিনি। ওদিকে, ব্লেয়ারও পদত্যাগের ঘোষণা দেয়ার ক’দিন আগেই ব্রিটেনের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসাবে ব্রাউনের ভুয়ষী প্রশংসা করেন।
এখন ব্লেয়ারের জায়গায় শ্রমিক দলের নেতা হলে ব্রাউনের প্রথম চ্যালেঞ্জই হবে দলের হৃত ভাবমূর্তি ফিরিয়ে আনাসহ জনসমর্থন বাড়ানো। সেইসঙ্গে জনমত জরীপে রক্ষণশীলদের টেক্কা দেওয়া।
উল্লেখ্য, ২০০৩ সালে ইরাকে মার্কিন আগ্রাসনে ব্রিটিশ সেনা পাঠানোর পর থেকেই দেশে ব্লেয়ারের জনসমর্থন কমে আসে। গত সেপ্টেম্বরে ব্লেয়ার নিজদল থেকেই পদত্যাগের প্রচণ্ড চাপের মুখে পড়েন। দলের সদস্যরা একবছরের মধ্যেই পদত্যাগের ঘোষণা দেয়ার জন্য ব্লেয়ারকে চাপ দিতে থাকলে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে ব্রাউনের পথ সুগম হয়।
