‘ইসরায়েল-ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এনপিটি’র কার্যকারিতা ক্ষুন্ন করছে’
পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি ‘এনপিটি’-র অকার্যকারিতা এবং ইরান ও উত্তর কোরিয়ার মতো দেশগুলোর এই চুক্তি অগ্রাহ্য করে চলার বিষয়টি নিয়ে ভিয়েনায় আয়োজিত বৈঠকে অভিযোগ করতে গিয়ে যুক্তরাষ্ট্র পাল্টা অভিযোগের মুখে পড়েছে।
বৈঠকে অংশ নেয়া জোটনিরপেক্ষ (ন্যাম) দেশগুলো এনপিটি’র অকার্যকারিতার জন্য ওয়াশিংটনকে দায়ী করে বলেছে, ইসরায়েল ও ভারতের মতো পরমাণু অস্ত্র সমৃদ্ধ দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কই এনপিটি’র কার্যকারিতা ক্ষুন্ন করছে এবং অনেক দেশই এই চুক্তিতে বীতশ্রদ্ধ হয়ে পড়ছে।
বৃহস্পতিবারে আয়োজিত এ বৈঠকে যুক্তরাষ্ট্র যুক্তি দেখিয়ে বলে, ইরান এবং উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি উন্নয়নশীল দেশগুলোর শান্তিপূর্ণ পরমাণু জ্বালানি কর্মসূচি চালুর ক্ষেত্রে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। একারণে, এনপিটি চুক্তিতে সদস্য দেশগুলোকে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি চালাতে দেয়ার যে অধিকার সংরক্ষিত আছে তা বিশ্বসযোগ্যতার সঙ্গে পূরণের বিষয়টি নিশ্চিত করতে এই চুক্তি আরেকবার পর্যালোচনা করে দেখা দরকার। যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্র দেশগুলোও এ ব্যাপারে একমত পোষণ করে।
১৩০টি রাষ্ট্রের অংশগ্রহণে অনুষ্ঠিত এই বৈঠকে মার্কিন প্রতিনিধিদলের প্রধান ক্রিস্টোফার ফোর্ড বলেন, এনপিটি চুক্তির বদৌলতে বিশ্বের দেশগুলোর মধ্যে শান্তিপূর্ণ পরমাণূ কর্মসূচি ও সুযোগ সুবিধা বিনিময়ের সুযোগ থাকলেও ইরান ও উত্তর কোরিয়ার মতো দেশগুলোর অবাধ্যতার কারণে তা ব্যহত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।
ফোর্ড বলেন, তেহরান এবং পিয়ংইয়ং সংযত না হলে ৩৭ বছরের পুরোনো চুক্তি এনপিটি’র আওতায় উন্নয়নশীল দেশগুলোতে অবাধে বেসামরিক পরমাণু প্রযুক্তি সরবরাহ করা কঠিন হয়ে পড়বে।
উত্তর কোরিয়া ২০০৩ সালে এনপিটি চুক্তি থেকে বেরিয়ে আসে। পরে ২০০৬ সালে তারা পরমাণু অস্ত্রপরীক্ষা চালায়। ওদিকে, পরমাণু বোমা তৈরি উপযোগী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ না করার কারণে ইরান ইতোমধ্যেই জাতিসংঘ নিষেধাজ্ঞাধীন রয়েছে। জুনে ইরানে আরও কঠোর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র।
কিন্তু ইরান ও উত্তর কোরিয়াকে নিয়ে যুক্তরাষ্ট্রের এই সমালোচনার জবাবে ন্যাম দেশগুলোর বক্তারা পাল্টা সমালোচনা করে বলেছেন, এনপিটি’র প্রতি বিভিন্ন দেশের এই অশ্রদ্ধা আসার জন্য ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পর্কও অনেকখানি দায়ী। ইসরায়েল মধ্যপ্রাচ্য একমাত্র পরমাণু অস্ত্র সমৃদ্ধ দেশ বলে ধারণা করা হয়। তাছাড়া, এনপিটি চুক্তিতে স্বাক্ষর করেনি এরকম তিনটি দেশের মধ্যে ইসরায়েল অন্যতম।
পরমাণু অস্ত্র নেই এরকম আরো কয়েকটি দেশও বৈঠকে ওয়াশিংটনের সমালোচনায় সরব হয়েছে ভারতের সঙ্গে দেশটির সম্পর্ক নিয়ে। ভারত এনপিটিতে স্বাক্ষর না করে এবং পরমাণু অস্ত্র পরীক্ষা চালিয়েও কোনো শাস্তির সম্মুখীন না হয়ে বহাল তবিয়তে আছে। উপরন্তু যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে নতুন করে পরমাণু চুক্তি করেছে।
১১৫ জাতির জোট ন্যাম-এর পক্ষ থেকে ইন্দোনেশিয়ার দূত ট্রায়োনো বিবোবো বলেন, “পরমাণু অস্ত্র সমৃদ্ধ ইসরায়েলে পরমাণু স্থাপনায় বিজ্ঞানীদের অবাধ গতিবিধি নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন।” তিনি আরও বলেন,“মধ্যপ্রাচ্যে সামরিক শক্তির এই ব্যাপক ভারসাম্যহীনতা দূর না হলে এ অঞ্চলে স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। সেইসঙ্গে এনপিটি চুক্তিতেও এর নেতিবাচক প্রভাবই পড়বে।”
