তালেবানদের অনুপ্রবেশ ঠেকাতে আফগান সীমান্তে বেড়া দিচ্ছে পাকিস্তান
আফগান সীমান্ত দিয়ে তালেবান জঙ্গিদের অনুপ্রবেশ ঠেকাতে সামান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছে পাকিস্তান।
কাবুলের বিরোধিতা সত্ত্বেও ইতিমধ্যেই ওয়াজিরিস্তানের প্রায় ২০কিলোমিটার সীমান্তে এ প্রাচীর নির্মাণের কাজ শেষ করেছে ইসলামাবাদ। পাকিস্তানের সেনা কর্মকর্তারা বৃহস্পতিবার একথা জানিয়েছেন।
সেনা মুখপাত্র মেজর জেনারেল ওয়াহিদ আরশাদ রয়টার্সকে বলেন, “উত্তর ওয়াজিরিস্তানের ২০ কিলোমিটার এলাকায় বেড়া নির্মাণের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে এবং বাকি কাজ চলছে।”
আরশাদ জানান, ওয়াজিরিস্তানের এ দুর্গম এলাকায় মোট ৩৫ কিলোমিটার সীমান্তে বেড়া দেওয়ার কাজ শেষ করা হবে সীমান্ত সুরক্ষা পরিকল্পনার প্রথম পর্যায়ে।
আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের প্রায় আড়াই হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। ওয়জিরিস্তানসহ উত্তর পশ্চিমাঞ্চলের অনেক দুর্গম এলাকার পাক-আফগান সীমান্ত অনেকটাই অরক্ষিত। আফগানিস্তান ও মার্কিনিরা অভিযোগ করে আসছে যে পাকিস্তানের এ দুর্গম গোষ্ঠী অধ্যুষিত অঞ্চলে ঘাঁটি গেড়ে আফগানিস্তানে হামলা চালানো এবং জঙ্গিদের প্রশিক্ষণের কাজ করছে তালেবানরা। পাকিস্তান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে এবং সীমান্ত সুরক্ষায় জোরদার ব্যবস্থা নেওয়ার কথা বলেছে।
এদিকে সীমান্তে বেড়া দেওয়ার এ কাজের বিরোধিতা করেছে আফগানিস্তান। পাকিস্তানি পরিকল্পনার বিরোধিতা করে কাবুল বলেছে, সীমান্তের দুপারে বসবাসকারী পশতু সম্প্রদায়কে ক্ষতিগ্রস্ত করবে এ সীমানা প্রাচীর। তবে এ বিরোধিতার পেছনে সীমান্ত অঞ্চল নিয়ে দুদেশের দীর্ঘদিনের বিরোধের বিষয়টিও রয়েছে। উনিশ শতকের উপনিবেশিক শাসক ডুরান্ডের নামে চিহ্নিত ‘ডুরান্ড লাইন’ দিয়ে এ দুর্গম অঞ্চলের পাক-আফগান সীমানা নির্ধারিত হয়েছে।
গত মাসে ওয়াজিরিস্তান সীমান্তে বেড়া দেওয়া নিয়ে পাক সেনাদের সঙ্গে নিজেদের সীমান্তরক্ষী সেনাদের সংঘর্ষের কথা জানায় আফগানিস্তান। পাকিস্তান তখন ওই সংঘর্ষের কথা স্বীকার করলেও সীমান্তে বেড়া নির্মাণের কথা স্বীকার করেনি।
সীমান্ত পথে জঙ্গি অনুপ্রবেশ ঠেকানো এবং সীমান্ত নিরাপত্তার জন্য সেখানে স্থলমাইন পাতার একটি পরিকল্পনা স্থগিত রেখেছে পাকিস্তান সেনাবাহিনী।
