২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জৈবজ্বালানি ব্যবহারের দিকে ঝুঁকছে ভারত

ভারতের মতো উন্নয়নশীল দেশগুলোকে ক্রমবর্ধমান জনগোষ্ঠীর বিপুল খাদ্য চাহিদা মেটাতে হিমশিম খেতে হলেও জৈবজ্বালানি ব্যবহারের বিষয়টি ক্রমশই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তাদের জন্য।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 May 2007, 05:12 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

তেলবীজ থেকে জৈবজ্বালানি উৎপাদনের জন্য বেশি পরিমাণে এ ধরনের শস্য ফলানোর প্রকল্প হাতে নিয়েছে ভারত। সেইন্ট লুইসে ‘বিশ্ব কৃষি ফোরাম’ এ ভারতের কৃষিমন্ত্রী বুধবার একথা বলেছেন।

কৃষিমন্ত্রী রঘুবীর রেড্ডি বলেন, “বায়োডিজেল উৎপাদনের জন্য গত তিন বছর ধরে কৃষকদের শতভাগ ভর্তুকি দিচ্ছে ভারত সরকার।”

তিনি বলেন, জৈবজ্বালানিকে জনপ্রিয় করা এবং এর উৎপাদন ও ব্যবহার বাড়ানোর চেষ্টা করছে ভারত। একইসঙ্গে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো, কৃষকদের আয় বাড়ানো এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে সরকার।

জৈবজ্বালানি উৎপাদনের ক্ষেত্রে কৃষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে রেড্ডি বলেন, “কৃষকরাই হবেন মূল চাবিকাঠি। কৃষকরা যদি সরকার কিংবা কোম্পানির কাছ থেকে প্রয়োজনীয় সমর্থন না পান, তারা যদি বিষয়টিকে গুরুত্ব না দেন, তাহলে এ লক্ষ্য অর্জিত হবে না।”

রঘুবীর রেড্ডি বলেন, “আগামী ৩০ থেকে ৪০ বছরের মধ্যে ভারতের উৎপাদিত মোট কৃষিবীজের অর্ধেকের বেশি জৈবজ্বালানি উৎপাদনের কাজে ব্যবহার করা সম্ভব হবে।”

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের হিসেব অনুসারে ২০০৬/০৭ সালে ভারতের উৎপাদিত মোট তেলবীজের পরিমাণ দুই কোটি ৯৫ লাখ টন। এসব তেলবীজের মধ্যে রয়েছে তুলাবীজ, কাজু বাদাম, সরিষাবীজ, সয়াবিন ও সূর্যমুখী বীজ। বিশ্বের অন্যতম বৃহৎ সয়া উৎপাদক দেশ ভারত বছরে প্রায় ৭৩ লাখ টন সয়াবিন উৎপাদন করে থাকে।

কৃষিমন্ত্রী জানান, তেলবীজ উৎপাদনের এ প্রকল্পে শুধুমাত্র অনাবাদী কিংবা পড়ে থাকা জমি কিংবা সেচের আওতায় নেই এমন জমি ব্যবহার করা হবে। তিনি বলেন, “এখন খাদ্য উৎপাদনের কাজে লাগছে, এমন কোনো জমি এই জৈবজ্বালানি চাষাবাদের প্রকল্পে ব্যবহার করা হবে না।”

তবে এ প্রকল্পের কারণে ভোজ্যতেল বীজকে জৈবজ্বালানি উৎপাদনের কাজে লাগানোর প্রবণতা বাড়ার ঝুঁকি থেকে যাচ্ছে এবং এর ফলে সাধারণ মানুষের ব্যবহার্য ভোজ্যতেলের সঙ্কট দেখা দিতে পারে বলে আশঙ্কা রয়েছে।