মুশাররফের সঙ্গে চুক্তির সম্ভাবনা নাকচ করলেন নেওয়াজ
লন্ডনে নির্বাসিত সাবেক পাক-প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফ বুধবার প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের সঙ্গে কোনো চুক্তির সম্ভাবনা নাকচ করেছেন। শরীফ বলেন, তার সঙ্গে সঙ্গে নির্বাসিত আরেক সাবেক পাক-প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোও মুশাররফের সঙ্গে কোনো চুক্তি করছেন না।
প্রধান বিচারপতি ইফতেখার চৌধুরিকে বরখাস্ত করার নিয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ সম্প্রতি প্রচণ্ড চাপের মুখে রয়েছেন। প্রতিদিনই তার বিরুদ্ধে বিক্ষোভে শামিল হচ্ছে হাজার জনতা।
এই বিরূপ অবস্থার মধ্যে নিজের অবস্থান ধরে রাখতে মুশাররফ নির্বাসিত সাবেক দুই প্রধানমন্ত্রী বেনজির ও নেওয়াজের সঙ্গে রাজনৈতিক চুক্তি করতে পারেন বলে জোর গুঞ্জন চলছে পাকিস্তানে।
ক’দিন আগে দুবাইয়ে এক সাক্ষাৎকারে বেনজির নিজেই এরকম ইঙ্গিত দিয়েছিলেন। বলেছিলেন, মুশাররফ সেনা প্রধানের পদ ছাড়লে রাজনৈতিক চুক্তি হবে। বেনজিরের ওই ইঙ্গিতের পর মুশারফের সঙ্গে চুক্তির বিষয়টি নিয়ে জল্পনা-কল্পনা আরও বেড়ে যায়।
১৯৯৯ সালে রক্তপাতহীন অভ্যূত্থানের মধ্য দিয়ে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ ক্ষমতা দখলেও পরই পাকিস্তানে গণতন্ত্র রক্ষায় বহুদলীয় জোট গঠন করেন নেওয়াজ ও বেনজির।
বুধবার রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে শরীফ কোনোরকম চুক্তির সম্ভাবনা নাকচ করে বলেন, “আমাদের পরিকল্পনায় কোনো চুক্তি করার ব্যাপার নেই। আমরা বিষয়টি নিয়ে কথা বলেছি এবং বেনজির বলেছেন, তিনি মুশাররফের সঙ্গে কোনো চুক্তিতে যাবেন না।”
শরীফ আরো বলেন, “এই সময়ে আমার কিংবা বেনজিরের সঙ্গে কোনো চুক্তি করেই মুশাররফ পার পাবেন না। জনগণ এটা পছন্দ করবে না। কারণ, তারা বর্তমান সঙ্কটের জন্য মুশাররফকেই দায়ী মনে করছে।”
