গবেষকের দাবি: পাকিস্তানি পরমাণু বিজ্ঞানীর তৎপরতার দিকে পূর্ণ দৃষ্টি দেয়নি সিআইএ
পাকিস্তানি পরমাণু বিজ্ঞানী ড. আব্দুল কাদের খানের পরমাণু প্রযুক্তি পাচারের ঘটনা সম্পর্কে কিছুটা জানা থাকলেও এ সম্পর্কে পূর্ণ দৃষ্টি দেয়নি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ।
ড. খান ও পরমাণু প্রযুক্তি পাচার নিয়ে গবেষণাকারী যুক্তরাষ্ট্রের সাবেক এক কর্মকর্তা এ অভিযোগ তোলেন।
ওই গবেষক মার্ক ফিজপ্যাট্রিক বর্তমানে ব্রিটিশ পরামর্শদাতা প্রতিষ্ঠান ইন্টান্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যাটেজিক স্টাডিজের (আইআইএসএস) সঙ্গে কাজ করছেন। ড. খানের বিরুদ্ধে অভিযোগ তদন্তের সময় তিনি পরমাণু অস্ত্র বিস্তাররোধ সম্পর্কিত এক শীর্ষ মার্কিন কর্মকর্তা হিসেবে কাজ করতেন। মঙ্গলবার সাংবাদিকদের ফিজপ্যাট্রিক বলেন, “সিআইএ যে বিভিন্ন সময় ড. খানের তৎপরতা সম্পর্কে জানতো তাতে কোনো সন্দেহ নেই।”
তিনি বলেন, “গত কয়েক বছরে ইরান যে পরমাণু কর্মসূচি গড়ে তুলেছে সেদিকে তাকালে কোনো সন্দেহ থাকে না যে ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগের মাধ্যমে ড. খান যে পরমাণু প্রযুক্তি পাচার করছিলেন, সিআইএ সে দিকে যথেষ্ট মনোযোগ দেয়নি। কারণ, অনেক পশ্চিমা গোয়েন্দা সংস্থার মতো সিআইএও রাষ্ট্র কিংবা রাষ্ট্রীয় তৎপরতার ব্যাপারে বেশি মনোযোগী ছিল।”
তিনি অবশ্য জানান, ড. খানের তৎপরতা কতোদূর পর্যন্ত বিস্তৃত ছিল, সিআইএ তা জানতো কিনা তা তিনি পরীক্ষা করে দেখেননি কিংবা এ নিয়ে নিজের গবেষণাপত্রে চূড়ান্ত কোনো উপসংহার টানেননি।
ফিজপ্যাট্রিকের ওই অভিযোগের জবাবে সিআইএর মুখপাত্র পল গিমিগ্লিয়ানো বলেন, “ড. খানের তৎপরতা রুদ্ধ করে দেওয়া বড় ধরনের একটি সাফল্য, যেখানে সিআইএ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটা স্বীকার করা না হলে বাস্তবতাকেই অস্বীকার করা হবে।”
“সংস্থাটির অন্য অনেক সাফল্যের মতোই এটাও এর সদস্যদের কঠোর পরিশ্রম, সতর্কাবস্থা ও জরুরি তৎপরতার ফল।”
পাকিস্তানে অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি হিসেবে পরিচিত ড. খানকে পরমাণু প্রযুক্তি পাচারের অভিযোগে ২০০৪ সালের জানুয়ারিতে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ইরান, উত্তর কোরিয়া ও লিবিয়াকে পাকিস্তানের পরমাণু অস্ত্রের প্রযুক্তি পাচারের অভিযোগ আনা হয়। এছাড়া তিনি ইরাক এবং সম্ভবত অন্য কয়েকটি দেশকেও এ প্রস্তাব দিয়েছিলেন বলে অভিযোগ আছে।
পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ ড. খানকে ক্ষমা করলেও তাকে গৃহবন্দি করে রাখা হয়। তাকে গ্রেপ্তারের পর মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ বলেন, পরমাণু প্রযুক্তি পাচার বন্ধ হয়েছে।
তবে আইআইএসএসের গবেষণা বলছে, ড. খানের সহযোগীরা সম্ভবত আইন ফাঁকি দিতে পেরেছেন এবং বেশ কিছুদিন আত্মগোপনে থাকার পর আবারও তাদের কার্যক্রম শুরু করেছেন।
