ইরাক থেকে সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রকে ইরানের সাহায্যের প্রস্তাব
ইরাক থেকে সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রকে সাহায্যের প্রস্তাব দিয়েছেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচাই। লন্ডনের ফিন্যান্সিয়াল টাইমস দৈনিক বুধবার একথা জানিয়েছে।
আরাঘচাইকে উদ্ধৃত করে পত্রিকাটি জানায়, ইরাকে স্থিতিশীলতা ফিরিয়ে আনা প্রশ্নে যুক্তরাষ্ট্র ও ইরানের স্বার্থ একই ধরনের এবং এ বিষয়ে দুই পক্ষের মধ্যে সরাসরি আলোচনা ইরাক থেকে ‘মুখরক্ষা করে হলেও সেনা প্রত্যাহারে’ যুক্তরাষ্ট্রকে সহায়তা করবে।
এক সাক্ষাতকারে ফিন্যান্সিয়াল টাইমসকে আরাঘচাই বলেন, “ইরাকে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসন ছিল একটা বিপর্যয়। আমরা চাই না ইরাক থেকে সেনা প্রত্যাহারের ক্ষেত্রে আরেকটি বিপর্যয় নেমে আসুক।”
“হ্যাঁ, এটা ঠিক যে ইরাক থেকে অবিলম্বে মার্কিন সেনা প্রত্যাহার করা হলে দেশটিতে গোলোযোগ সৃষ্টি হতে পারে, গৃহযুদ্ধ শুরু হতে পারে। কেউই চায় না ইরাক থেকে অবিলম্বে বিদেশি সেনা প্রত্যাহার করা হোক। কিন্তু এ নিয়ে অবশ্যই একটা পরিকল্পনা থাকতে হবে।”
ইরাকে মার্কিন উপস্থিতিকে দেশটিতে বিদ্যমান সমস্যাগুলোর অংশ হিসেবে বর্ণনা করে আরাঘচাই বলেন, “ইরাক একটা বিপর্যয়কর চক্রের মধ্যে ঘুরপাক খাচ্ছে। ‘সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই’ এর নামে বিদেশি সেনারা দেশটি দখল করে আছে। অন্যদিকে সন্ত্রাসীরা বলছে, তারা ইরাককে দখলদার মুক্ত করতে চায়।”
