২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আব্বাস-ওলমার্ট বৈঠক আগামী সপ্তাহে

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে খুব শিগগিরিই বৈঠকে বসবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 May 2007, 12:59 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

ওলমার্টের কার্যালয় থেকে তার মুখপাত্র মিরি এইসিন একথা জানিয়েছেন। ইসরায়েল সরকারের কয়েকটি সূত্র বলেছে, এই বৈঠক হবে আগামী সপ্তাহেই। পশ্চিম তীরের জেরিকো শহরে এই বৈঠক হবে বলে আশা করছেন কর্মকর্তারা।

ওদিকে, আব্বাসের সহযোগী সায়েব এরাকাত বলেছেন, “নীতিগতভাবে আমরা ইসরায়েলের সঙ্গে আলোচনার বিরোধী নই। তবে আলোচনার দিন এখনো নির্ধারণ হয়নি।”

এর আগে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট গোপন দূতের মাধ্যমে আলোচনা চালিয়েছেন বলে খবর দেয় ইসরায়েলি দৈনিক হারেজ। নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলি মন্ত্রিসভার একাধিক সদস্য ও রাজনীতিবিদদের উদ্ধৃত করে পত্রিকাটি মঙ্গলবার এ খবর জানায়। তবে এ খবর অস্বীকার করেন উভয় নেতার ঘনিষ্ঠজনরা।

ইসরায়েলি সূত্রগুলো হারেজকে জানান, প্রধানমন্ত্রী তাদের সঙ্গে আলাপকালে আপাতদৃষ্টিতে গোপন দূতের মাধ্যমে ফিলিস্তিনিদের সঙ্গে আলোচনায় আগামী কয়েক মাসে ‘গুরুত্বপূর্ণ রাজনৈতিক অগ্রগতি’ অর্জনের ইঙ্গিত দিয়েছেন।

তবে ওলমার্টের মুখপাত্র মিরি ইসিন এ খবরের সত্যতা অস্বীকার করে বলেন, “আমি গোপন আলোচনার কোনো খবর জানি না।”

এদিকে মাহমুদের এক ঘনিষ্ঠ সহযোগী হাসান আজফারও এ খবর অস্বীকার করেন। তিনি বলেন, “আমি নিশ্চিত করছি যে দুজনের মধ্যে কোনো ধরনের গোপন আলোচনা চলছে না, কোনো গোপন দূতও নেই।”

হারেজ জানায়, গোপন আলোচনায় কারা অংশ নিয়েছিলেন এবং কী নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি। তবে এসব আলোচনার মূল লক্ষ্য পারস্পরিক আস্থা বাড়ানোর লক্ষ্য ছাড়িয়ে কিছু কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে গিয়ে ঠেকেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইসের আহ্বানে সাড়া দিয়ে ওলমার্ট ও আব্বাস প্রকাশ্যে একাধিকবার বৈঠক করেছেন। বৈঠকের পর দেওয়া বিবৃতিতে উভয়ই বলেছেন, পারস্পরিক আস্থা বাড়াতে এসব বৈঠকের আয়োজন করা হয়েছিল।

এদিকে মার্কিন কর্মকর্তারা গত মাসে বলেন, উভয় পক্ষ শিগগিরই নিজেদের মধ্যে পুনরায় শান্তি আলোচনা কিংবা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুগুলো নিয়ে আলোচনা শুরুর চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।