ক্ষমতা-ভাগাভাগির নতুন যুগে উত্তর আয়ারল্যান্ড
উত্তর আয়ারল্যান্ডে কয়েক দশকের রক্তক্ষয়ী লড়াইয়ের পর একে অপরের ঘোর শত্রু প্রোটেসট্যান্ট ও রোমান ক্যাথলিক নেতারা মঙ্গলবার ক্ষমতা-ভাগাভাগির নতুন সরকার চালু করেছেন। সহিংসতা নিরসনই এ পদক্ষেপের চূড়ান্ত লক্ষ্য। এর মধ্য দিয়ে নতুন যুগে প্রবেশ করল ব্রিটিশ শাসনাধীন উত্তর আয়ারল্যান্ড।
কট্টরপন্থী প্রোটেস্ট্যান্ট ধর্মযাজক আয়ান পেইসলে এবং সিন ফেইনের মার্টিন ম্যাকগিনেস নতুন সরকারের ‘ফার্স্ট মিনিস্টার’ এবং ‘ডেপুটি ফার্স্ট মিনিস্টার’ হিসাবে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন। উত্তর আয়ালর্যান্ডের স্থানীয় সব ইসুতেই এ সরকারের কর্তৃত্ব থাকবে।
১৯৯৮ সালের শান্তিচুক্তির পর সাম্প্রতিক এই উদ্যোগের মধ্য দিয়ে উত্তর আয়ারল্যান্ডে রাজনৈতিক স্থিতিশীলতা শক্ত ভিতের ওপর প্রতিষ্ঠিত হবে বলেই মনে করা হচ্ছে। গত ৩০ বছরের জাতিগত সংঘাতে উত্তর আয়ারল্যান্ডে ৩৬শ’রও বেশি মানুষ নিহত হয়েছে।
নতুন সরকার পরিচালনার শপথ নেওয়ার সময় পেইসলে অহিংস নীতি পরিচালনারই অঙ্গীকার করেন। শপথ নেন ম্যাকগিনেসও। এ যেনো প্রধান প্রটেসট্যান্ট ও ক্যাথলিক দলগুলোর মধ্যকার ২৬ মার্চের চুক্তিরই নতুন রূপ।
পেইসলের ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টি (ডিইউপি) এবং আইরিশ রিপাবলিকান আর্মি (আইআরএ) গেরিলা গ্রুপের রাজনৈতিক মিত্র সিনফেইন এর মধ্যে কয়েক বছরের অচলবস্থার পর নতুন এই ক্ষমতা ভাগাভাগি চুক্তি হলো।
এর আগে দুপক্ষ ক্ষমতা ভাগাভাগির চেষ্টা করে ব্যর্থ হয়। কিন্তু এবার তারা চুক্তি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। স্টরমন্টে পৌঁছে পেইসলে বলেন, “এটি আমাদের জন্য এক বিশেষ দিন। কারণ, এখন থেকে নতুন করে যাত্রা শুরু হবে এবং আমরা এমন একটি পথে যাত্রা শুরু করছি যে পথে শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনতে সক্ষম হব বলেই আমাদের বিশ্বাস।”
ওদিকে, ম্যাকগিনেস বলেন, ‘‘আজকের দিনটি ঐতিহাসিক। গত ১৫ বছরে যা সম্ভব হয়নি আজ তাই সম্ভব হচেছ আগের চেয়ে অনেক জোরেসোরে এবং বলিষ্ঠ পদক্ষেপের মধ্য দিয়ে।”
সিনফেইন এর নেতা গ্যারি অ্যাডামস বলেন, “ক্ষমতা-ভাগাভাগির এই ঘটনা প্রমাণ করেছে যে, সংলাপ চালিয়ে যাওয়া এবং কোনো ব্যাপারে লেগে থাকা শেষ পর্যন্ত ফল বয়ে আনে। এখন থেকে আমাদের রাজনৈতিক দৃশ্যপট পাল্টে যাবে। আমরা সফলতার পথে এগিয়ে যাব।”
ব্রিটেনের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার আয়ারল্যান্ডে ক্যাথলিক ও প্রটেসন্ট্যান্টদের মধ্যকার এই ক্ষমতা ভাগাভাগি চুক্তিকে তার ক্ষমতার ১০ বছরে সবচে বড় অর্জন হিসাবেই দেখছেন।
ব্রিটেনের উত্তর আয়ারল্যান্ড বিষয়ক মন্ত্রী পিটার হেইন সোমবার লন্ডন থেকে স্থানীয় সরকারের ক্ষমতা আয়ারল্যান্ডের হাতে হস্তান্তর করে একটি নির্দেশ স্বাক্ষর করেছেন। তিনিও দু’শত্রুপক্ষের নেতার দৃঢ়প্রতিজ্ঞার প্রশংসা করেন।
