দারফুরে অস্ত্র নিষেধাজ্ঞা ভঙ্গ করছে চীন-রাশিয়া: অ্যামনেস্টি
সুদানে অস্ত্রের চালান অব্যাহত রেখে রাশিয়া ও চীন জাতিসংঘ নিষেধাজ্ঞা ভঙ্গ করছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মঙ্গলবার এ অভিযোগ করেছে।
সুদানে এসব অস্ত্রের ব্যবহারে আন্তর্জাতিক আইন মারাত্মকভাবে লঙ্ঘিত হচ্ছে বলেও অ্যামনেস্টি হুঁশিয়ারি দিয়েছে।
সুদানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশ চীন ও রাশিয়ার অস্ত্র সরবরাহ চালু রাখার পদক্ষেপে অ্যামনেস্টি অত্যন্ত হতাশ বলে জানায়। সুদানে চালান হওয়া এসব অস্ত্র গোলযোগপূর্ণ দারফুর প্রদেশ এবং প্রতিবেশী দেশ চাদের সংঘর্ষে ব্যবহৃত হবে বলেও জানায় অ্যামনেস্টি।
অভিযোগ করে অ্যামনেস্টি বলেছে, “ সুদান কর্তৃপক্ষ এবং সশস্ত্র দলগুলোকে বিশ্ববাসীর সামনে এরকম অবাধে অস্ত্র ব্যবহার করতে দিয়ে নিরাপত্তা পরিষদের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুন্ন করা হচ্ছে।”
চীন সুদানে অস্ত্র বিক্রি করে চলেছে-অ্যামনেস্টির এই অভিযোগ নাকচ করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং য়ু। তিনি বলেন, “চীনের অস্ত্র রপ্তানী নীতি অত্যন্ত কড়া। আর তাই এ ধরনের অভিযোগ সম্পূর্ণ যুক্তিহীন।”
জাতিসংঘের হিসাব মতে, ২০০৩ সালে সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দারফুরে সংঘর্ষ শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ২ লাখ লোক নিহত হয়েছে। গৃহহীন হয়েছে ২০ লাখেরও বেশী মানুষ। বিদ্রোহী গ্রুপগুলো খার্তুম সরকারের বিরুদ্ধে হাতে অস্ত্র তুলে নেয়ার পর থেকেই সংঘর্ষ চলছে।
২০০৬ সালে প্রধান প্রধান সশস্ত্র দলগুলোর একটি সরকারের সঙ্গে চুক্তি করলেও সহিংসতা এখনো থামেনি। দারফুরে অস্ত্র ও সামরিক সাজ-সরঞ্জাম সরবরাহ করে জাতিসংঘ প্রস্তাবনা ভঙ্গ করার জন্য নিরাপত্তা পরিষদ গত মাসে খার্তুম সরকারকে দায়ী করেছে।
জাতিসংঘের পাশাপাশি অ্যামনেস্টিও সুদান সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছে, সরকার তাদের সামরিক বিমানগুলোকে জাতিসংঘের ত্রাণ বিমানের মতো সাদা রং করে দারফুরে বোমা মারতে পাঠাচ্ছে।
