২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা অভ্যুত্থান সত্ত্বেও থাইল্যান্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধমহড়া

মঙ্গলবার থেকে পূর্বব্যাংককের চন বুরি প্রদেশে শুরু হল থাইল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের বার্ষিক যুদ্ধ মহড়া, “কোবরা গোল্ড।” যদিও সেপ্টেম্বরে ঘটে যাওয়া থাই সামরিক অভ্যূত্থান এবং নির্বাচিত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার পতনের প্রতি ওয়াশিংটনের সমর্থন ছিলনা মোটেও।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2007, 05:10 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

থাইল্যান্ডে অভ্যুত্থান ও সেনা শাসনের কারণে মার্কিন আইন অনুসারে দেশটিকে দেওয়া ২৪ মিলিয়ন ডলারের নিয়মিত সামরিক সাহায্য বাতিল করে দেয় ওয়াশিংটন। ফলে বার্ষিক যুদ্ধ মহড়া স্থগিত করে দেওয়ার জল্পনা করা হচ্ছিল।

বার্ষিক যুদ্ধ মহড়ার উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের উপ-রাষ্ট্রদূত আলেক্সান্ডার আরভিজু বলেন, “কোবরা গোল্ড গত ২৫ বছর ধরে থাই-মার্কিন সেনাসৌহার্দের সবচেয়ে দৃশ্যমান আয়োজন। ” তবে তিনি ১৯ শে সেপ্টেম্বরের সামরিক অভ্যূত্থান সম্পর্কে কোন মন্তব্য করেননি। অনুষ্ঠানে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও জাপানের সেনারাও অংশগ্রহণ করে। দক্ষিণ পূর্ব এশিয়ায় যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র থাইল্যান্ড।

ভিয়েতনাম যুদ্ধের সময় চন বুরি প্রদেশে অসংখ্য মার্কিন সেনারা অবস্থান করেছিল। শুরুতে কেবল থাই-মার্কিন সেনাদের যুদ্ধমহড়া হিসেবে আত্মপ্রকাশ করলেও পরবর্তীতে অন্যান্য অঞ্চলের সেনাদের যৌথ মহড়ায় পরিনত হয় কোবরা গোল্ড।

মানবিক এবং দূর্যোগকালীন ত্রাণ বিতরনের কাজে সেনাদের দক্ষতা বৃদ্ধির দিকে মনোযোগ দেওয়া হচ্ছে এ মহড়ায়। ২০০৪ সালে ওই অঞ্চলে প্রলয়ঙ্করী সুনামির পর এ বিষয়ে জোর দেওয়া হয়।