২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণের দায়ে বিহারের এক এমপির যাবজ্জীবন কারাদণ্ড

ভারতের বিহার রাজ্যের এক এমপিকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে অপহরণ ও গুম করে রাখার অভিযোগে মঙ্গলবার যাবজ্জীবন কারদণ্ড দিয়েছে আদালত।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 May 2007, 02:45 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

‘রাষ্ট্রীয় জনতা দলের’ এমপি মোহাম্মদ সাহাবুদ্দিন ১৯৯৯ সালে ওই ব্যক্তিকে অপহরণ করেন এবং এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

বিতর্কিত এমপি সাহাবুদ্দিন অন্য আরেকটি অপহরণ চেষ্টা ও গুণ্ডামির মামলায় বর্তমানে দুবছরের কারাবাস করছেন। তার বিরুদ্ধে আরও কমপক্ষে ৩০টি মামলা বিচারাধীন আছে। তার রাষ্ট্রীয় জনতা দল রাজ্যের ক্ষমতাসীন জোটের অংশ।

আগামী এক মাসের মধ্যে আদালতের যাবজ্জীবন আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন সাহাবুদ্দিন। তার আইনজীবী জানিয়েছেন, আদালতের রায় ভালভাবে পর্যবেক্ষণের পর আপিল করা হবে।

ভারতীয় আইনে কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত নির্বাচনে প্রার্থীতা করতে কোনো বাধা না থাকায় মামলা চলাকালেই এমপি নির্বাচিত হন সাহাবুদ্দিন।

ভারতের একটি মানবাধিকার গ্রুপ ‘সোশ্যাল ওয়াচ ইন্ডিয়া’ গত বছরের এক প্রতিবেদনে জানিয়েছিল, ৩৬ থেকে ৪৫ বছর বয়সী ভারতীয় এমপিদের ৩০ ভাগের বিরুদ্ধেই নানারকম ফৌজদারি অভিযোগ রয়েছে।

গত মাসে ভারতীয় পার্লামেন্টের আরেক এমপি নিজের স্ত্রীর পাসপোর্টে অন্য নারীর ছবি বসিয়ে ওই নারী ও তার ছেলেকে অবৈধভাবে কানাডায় পৌঁছে দেওয়ার চেষ্টাকালে ধরা পড়েন।