২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উলফোভিজ নিয়ম ভঙ্গ করেছেন: বিশ্বব্যাংক প্যানেলের অভিমত

বান্ধবী শাহা রিজাকে উচ্চ বেতনের পদন্নোতি দিয়ে উলফোভিজ ব্যাংকের স্বার্থ ক্ষুন্ন করার পাশাপাশি নিয়ম ভঙ্গ করেছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 May 2007, 03:22 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

তদন্তেই এটি পরিস্কার বলে অভিমত দিয়েছে বিশ্বব্যাংক প্যানেল। কিন্তু এজন্য উলফোভিজের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া উচিত সে ব্যাপারে প্যানেল কোনো সুপারিশ করেনি। তবে তদন্ত প্যানেলের এই অভিমতে সাড়া দেয়ার জন্য উলফোভিজকে কয়েকদিন সময় দেয়া হয়েছে। বিশ্বব্যাংক বোর্ডের কয়েকটি সূত্র সোমবার একথা জানায়।

বিশ্বব্যাংক বোর্ডের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, প্যানেলের তদন্তে দেখা গেছে, উলফোভিজের এই অপকর্ম স্বার্থের সংঘাতেরই নামান্তর। অন্য একটি সূত্র বলেছে, প্যানেলের তদন্তে প্রমাণিত হয়েছে যে শাহা রিজাকে উচ্চবেতনের পদন্নোতি দিয়ে পররাষ্ট্র দপ্তরে বদলী করে উলফোভিচ নিয়ম ভঙ্গ করেছেন।

এই কেলেঙ্কারির জন্য উলফোভিজকে বরখাস্ত করা হবে কিনা সে সিদ্ধান্ত নিতে ২৪-জাতি বিশ্বব্যাংক বোর্ড এ সপ্তাহ শেষে খুব সম্ভবত শুক্রবারই বৈঠকে বসবে। বোর্ডের নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য বলেছেন, বিষয়টি কিভাবে নিষ্পত্তি করা হবে এ ব্যাপারে কোনো মতৈক্য হয়নি।

ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, শত বিতর্কেও উলফোভিজ পদত্যাগ করবেন না। কারণ, তিনি ইতোমধ্যেই বলতে শুরু করেছেন, তার সুনাম এবং দুর্নীতি-বিরোধী তৎপরতা ক্ষুন্ন করার চক্রান্তের শিকার হয়েছেন তিনি।

উলফোভিজ এর আগে নিজমুখে বান্ধবী শাহা রিজাকে পদোন্নতি দেয়ার কথা স্বীকার করার পর থেকেই তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। গরে-বাইরে চাপের মুখে পড়েন তিনি। সোমবার তার প্রধান দুই সহযোগীর একজন কেভিন কেলেমস পদত্যাগ করার পর আরও কঠিন সময়ের মুখে পড়লেন উলফোভিজ।

বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্সি নিয়ে ঘোর বিতর্কে প্রতিষ্ঠানের কার্যক্রম এগিয়ে নেয়া মুশকিল হচেছ-একথা বলে সোমবার পদত্যাগ করেন কেভিন।

বোর্ডের পরিচয় প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্র মতে, “উলফোভিচের জন্য বাদবাকী মেয়াদে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে থাকা একরকম অসম্ভব হয়ে উঠেছে। কারণ, তার প্রেসিডেন্সির আমলে এই ব্যাংকের বিশ্বাসযোগ্যতা ক্ষুন্ন হয়েছে এবং বিশ্বব্যাপী দারিদ্র দূরীকরণের লক্ষ্যে পরিচালিত এই ব্যাংকের মিশনের কার্যকারিতাও নষ্ট হয়েছে।”

ব্রাসেলসে ডাচ অর্থমন্ত্রী ওউটার বোস জোর দিয়েই বলেছেন, “ব্যাংকের সুনাম ক্ষুন্ন না হওয়াটা জরুরি।” সাংবাদিকদের তিনি বলেন, “ব্যাংকের সুনাম এবং খ্যাতি থাকলে তবেই প্রতিষ্ঠানটি ভালো কাজ করতে পারবে। কিন্তু এ মুহূর্তে আমি ব্যাংকের সুনামের ব্যাপারটি নিয়ে চিন্তিত।”

কিন্তু উলফোভিজের ভাগ্য এখনো অনেকটাই নির্ভর করছে বিশ্বব্যাংকের সবচে বড় শেয়ারহোল্ডার যুক্তরাষ্ট্রের হাতে। যুক্তরাষ্ট্রই উলফোভিজকে বিশ্বব্যাংকে নিয়োগ দিয়েছিলো। এখন যুক্তরাষ্ট্র বিশ্বব্যাংক বোর্ড, বিশেষত ইউরোপের দেশগুলোর ওপর উলফোভিজকে প্রেসিডেন্ট পদে বহাল রাখার জন্য চাপ সৃষ্টি করলে তিনি এ পদে থেকে যেতে পারেন।

এ পরিস্থিতিতে বিশ্বব্যাংক বোর্ডের সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে নাকি ভোটাভুটির মাধ্যমে উলফোভিজের ভাগ্য নির্ধারণ করা হবে সে ব্যাপারে এখনো কোনো নিদ্ধান্ত হয়নি।

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ গত মাসে হোয়াইট হাউসে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে বৈঠককালে উলফোভিজের প্রতি স্পষ্টতই সমর্থন ব্যক্ত করেছেন। বৈঠকে উপস্থিত থাকা বিশ্বব্যাংক বোর্ডের কয়েকটি সূত্র সাংবাদিকদের একথা জানায়।

এদিকে, উলফোভিজকে নিয়ে সৃষ্ট বিতর্কের মধ্যে তার জায়গায় নতুন প্রেসিডেন্ট বাছাই এবং বোর্ডের স্বচ্ছ্বতা নিয়েও নানা প্রশ্ন উঠেছে। ২য় বিশ্বযুদ্ধের পর বিশ্বব্যাংক প্রতিষ্ঠার শুরু থেকে যুক্তরাষ্ট্রই সবসময় প্রেসিডেন্ট মনোনয়ন দিয়ে আসছে।