২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে জিতে আর্থ-রাজনৈতিক সংস্কারের চ্যালেঞ্জের মুখে সারকোজি

ফ্রান্সে ২য় দফা প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করে দেশে আমূল আর্থ-রাজনৈতিক সংস্কারের কঠিন চ্যালেজ্ঞের মুখে পড়লেন ডানপন্থী প্রার্থী নিকোলাস সারকোজি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 May 2007, 03:00 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

জনগণকে এই সংস্কারের প্রতিশ্রুতি দিয়েই সারকোজি জয়ের মালা ছিনিয়ে এনেছেন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এখন সেই প্রতিশ্রুতি পূরণে তার দিকেই চেয়ে আছে ফ্রান্সের জনগণ। সাবেক প্রেসিডেন্ট জ্যাক শিরাকের প্রেসিডেন্সির আমলের অচলবস্থা থেকে জনগণ যে বেরিয়ে আসতে চেয়েছে, নির্বাচনে সারকোজির জয়ই তার প্রমাণ।

সারকোজির পক্ষে পড়েছে ৫৩ দশমিক এক শতাংশ ভোট। অন্যদিকে, তার প্রবল প্রতিপক্ষ সমাজতন্ত্রী প্রার্থী সেগোনেল রয়েল পেয়েছেন মাত্র ৪৬ দশমিক ৯ শতাংশ ভোট। ৫২ বছর বয়স্ক সারকোজি নির্বাচনপূর্ব প্রচারাভিযানে ফ্রান্সে সংস্কার কার্যক্রম, সন্ত্রাস দমন এবং বেকারত্ব দূরীকরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

অন্যদিকে, ৫৩ বছর বয়স্ক রয়েল ফ্রান্সে কর্মসংস্থান সৃষ্টি করা এবং উদারনৈতিক সমাজব্যবস্থা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ভোটাররা সামাজিক সমস্যার চেয়ে দেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক সংস্কার কাজকেই বেশি প্রাধান্য দিয়েছে। প্রথম দফা নির্বাচনের ফলাফল এবং ২য় দফা নির্বাচন পূর্ব জনমত জরিপেও এই আভাস স্পষ্ট হয়ে ওঠে।

২য় দফা ভোটের আগে সর্বশেষ জনমত জরিপে শুক্রবার ডানপন্থী প্রেসিডেন্ট প্রার্থী নিকোলাস সারকোজিকে সমাজতন্ত্রী সেগোলেন রয়েলের চেয়ে এগিয়ে থাকতে দেখা যায়। সারকোজির এই অগ্রগামীতায় রয়েল দেশবাসীকে তার জয়ের বিপদ সম্পর্কে সতর্ক করে দেন। সারকোজি জিতলে ফ্রান্স সহিংসতা-বর্বরতার অতল গহ্বরে তলিয়ে যেতে পারে-এই ছিলো রয়েলের হুঁশিয়ারি।

কিন্তু সবকিছুকে ছাপিয়ে ভোটাররা সারকোজিকেই বেছে নিয়েছে। আর এর বদৌলতে সারকোজি তার সংস্কার কাজ এগিয়ে নেয়ার ম্যান্ডেট জিতেছেন। স্বাভাবিকভাবেই এখন তার সামনে আছে আর্থ-রাজনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি রক্ষার কঠিন চ্যালেঞ্জ।

ফ্রান্সের প্রেসিডেন্ট জ্যাক শিরাক রাজনীতি থেকে সরে যাওয়ার পর জনগণ যে নেতৃত্বে পরিবর্তন চেয়েছে। ভোটারদের উক্তি ছিলো, সামাজিক সমস্যার দিকে মনোযোগ দেওয়ার মতো কারও চেয়ে আমরা বরং দেশের অর্থনৈতিক, রাজনৈতিক সমস্যার দিকে মনোনিবেশকারী কাউকেই চাই।

সারকোজির জয়ের পর পত্রপত্রিকায়ও উঠে এসেছে সংস্কারের বিষয়টি। ল্য একোস পত্রিকা শিরোনাম দিয়েছে, ‘দেশে সংস্কারের পক্ষে পড়ল সংখ্যাগরিষ্ঠ ভোট’, বামপন্থী একটি দৈনিকে লেখা হয়, ‘সংস্কার কাজ কঠিন, কিন্তু এটাই জনগণের ইচ্ছা। এর জন্য প্রস্তুত হউন।’

বিজনেস ডেইলি ‘ল্য ট্রিবিউন’ লেখে, “নিকোলাস সারকোজিকে প্রেসিডেন্ট প্রাসাদে পাঠিয়ে ফ্রান্সের জনগণ দেশে আমূল পরিবর্তনের পক্ষে খুবই শক্তিশালী এবং বিচক্ষণ রায় দিয়েছে।”

এদিকে, নবনির্বাচিত প্রেসিডেন্ট সারকোজিও তার প্রথম বক্তব্যে দেশের আপামর জনসাধারনের প্রেসিডেন্ট হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সেইসঙ্গে প্রেসিডেন্সির প্রথম ১০০ দিনের মধ্যেই সংস্কার কাজ শুরুর অঙ্গীকার করেছেন তিনি। এর মধ্যে প্রথমেই রয়েছে কর্মঘন্টা কমিয়ে আনা, কর কমানো, ইউনিয়নের ক্ষমতা কাটছাঁট করা প্রভৃতি।