২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে জরুরি অবস্থা ঘোষণার সুযোগ রয়েছে: পাকিস্তানি প্রধানমন্ত্রী

বিচার বিভাগ নিয়ে সৃষ্ট সঙ্কট মোকাবেলায় দেশে জরুরি অবস্থা জারির সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী শওকত আজিজ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 May 2007, 02:50 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

প্রধান বিচারপতি ইফতেখার চৌধুরীকে বরখাস্ত করা নিয়ে পাকিস্তানের বিচার বিভাগে প্রায় এক মাস ধরে অচলবস্থা বিরাজ করছে। বিচারক ও আইনজীবীরা এ ঘটনাকে স্বাধীন বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ বলে বিবেচনা করছেন। প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের এ সিদ্ধান্ত তার বিরোধীদেরই শক্তিশালী করছে এবং এর প্রভাব এ বছরের শেষ নাগাদ অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনা নিয়ে সাংবাদিকদের কাছে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রধানমন্ত্রী আজিজ রোববার বলেন, “সংবিধানে দেশে জরুরি অবস্থা জারির সুযোগ রয়েছে। কী কী কারণে জরুরি অবস্থা জারি করা যেতে পারে সংবিধানে তাও বলা আছে।”

“পরিস্থিতি বিবেচনা করে সরকার এ সংক্রান্ত সিদ্ধান্ত নেবেন।”

১৯৯৯ সালে এক রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর প্রধান বিচারপতিকে বরখাস্ত করা নিয়ে বর্তমানে সবচেয়ে সঙ্কটময় সময় পার করছেন প্রেসিডেন্ট মুশাররফ। তিনি আন্দোলনরত আইনজীবীদের কঠোর সমালোচনা করে বলছেন, তারা বিচার বিভাগকে রাজনীতিকরণ করতে চাইছেন। আইনজীবীদের এ ধরনের প্রচেষ্টা থেকে সরে দাঁড়ানোরও আহ্বান জানান মুশাররফ।

মুশাররফ এর আগে জরুরি অবস্থা জারির সম্ভাবনা বাতিল করলেও বিশ্লেষকরা বলছেন, ক্রমাবনতিশীল পরিস্থিতির কথা বিবেচনা করে প্রেসিডেন্ট এ ধরনের বিকল্পের কথা ভেবে দেখতে পারেন।

পর্যবেক্ষকরা বলছেন, পাকিস্তানি রাজনীতির কেন্দ্রবিন্দু লাহোরে রোববার প্রধান বিচারপতি ইফতেখার চৌধুরীর বিশাল সংবর্ধনায় বিচার বিভাগ নিয়ে সৃষ্ট সঙ্কট মোকাবেলায় এখন পর্যন্ত সরকারের ব্যর্থতাই প্রমাণিত হয়েছে। এ ঘটনার পর দেশটির পত্রপত্রিকাগুলো সোমবার বিভিন্ন ধরনের মতামত তুলে ধরে।

ডেইলি টাইমসের সম্পাদকীয়তে বলা হয়, “এর ফলে পাকিস্তানের সর্বত্রই অসন্তোষ দেখা দিতে পারে। লাহোর যদি শান্ত থাকে তবে প্রেসিডেন্ট নির্বিঘ্নে শাসনকাজ চালিয়ে যেতে পারবেন। কিন্তু লাহোর জেগে উঠলে তাকে বুঝতে হবে, জনগণ কী বলছে তা শোনার সময় এসেছে।”

পর্যবেক্ষরা অবশ্য বলছেন, এ ঘটনা এতো তাড়াতাড়ি মুশাররফের ক্ষমতাকে চ্যালেঞ্জ করার পর্যায়ে যাবে না। কারণ, শক্তিশালী সেনাবাহিনীর সমর্থন আছে তার পেছনে। তবে এ ঘটনায় তার অবস্থান দুর্বল হয়েছে। ফলে, তার রাজনৈতিক পরিকল্পনাগুলোর বাস্তবায়ন বাধাগ্রস্ত হতে পারে।