ফ্রান্সে স্বতস্ফূর্তভাবে ভোট দিল জনগণ, সারকোজির জয়লাভের সম্ভাবনা
ফ্রান্সে ২য় দফা প্রেসিডেন্ট নির্বাচনে রোববার স্বতস্ফূর্তভাবে ভোট দিয়েছে জনগণ। মূল ভূখণ্ডের বাইরের ফরাসী ভোটাররা ভোট দেন একদিন আগে শনিবার।
ফলাফলে সমাজতন্ত্রী সেগোনেল রয়েলকে হারিয়ে ডানপন্থী প্রার্থী নিকোলাস সারকোজিই জয়লাভ করবেন বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। সারকোজি জয়ী হলে তিনি হবেন ফ্রান্সের প্রথম প্রেসিডেন্ট যিনি কোনো অভিবাসীর সন্তান। আর রয়েল জয়ী হলে তিনি হবেন ফ্রান্সের প্রথম নারী প্রেসিডেন্ট।
৫২ বছর বয়স্ক সারকোজি ফ্রান্সে সংস্কার কার্যক্রম, সন্ত্রাস দমন এবং বেকারত্ব দূরীকরণের প্রতিশ্রুতি দিয়েছেন। অন্যদিকে, ৫৩ বছর বয়স্ক রয়েল ফ্রান্সে কর্মসংস্থান সৃষ্টি করা এবং উদারনৈতিক সমাজব্যবস্থা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু ভোটাররা সামাজিক সমস্যার চেয়ে দেশের অর্থনৈতিক এবং সংস্কার কাজকেই বেশি প্রাধান্য দিচ্ছে। প্রথম দফা নির্বাচনের ফলাফল এবং ২য় দফা নির্বাচন পূর্ব জনমত জরীপে এই আভাসই স্পষ্ট।
২য় দফা ভোটের আগে সর্বশেষ জনমত জরিপে শুক্রবার দেখা গেছে, ডানপন্থী প্রেসিডেন্ট প্রার্থী নিকোলাস সারকোজি সমাজতন্ত্রী সেগোলেন রয়েলের চেয়ে এগিয়ে আছেন।
ল্য ফিগারোর জন্য করা “টিএনএস সফ্রেস” এর এই জরিপে দেখা গেছে, সারকোজি জনসমর্থনের দিক দিয়ে আগের চেয়ে শতকরা ২ দশমিক ৫ ভাগ বেশি পয়েন্ট পেয়ে এগিয়ে আছেন। এই পয়েন্ট রয়েলের চেয়ে শতকরা ৪৫ দশমিক ৫ ভাগ বেশি। আর অন্যদিকে রয়েলের জনসমর্থন আগের তুলনায় কমেছে ২ দশমিক ৫ শতাংশ।
ফ্রান্সের প্রেসিডেন্ট জ্যাক শিরাক রাজনীতি থেকে সরে যাওয়ার পর জনগণ যে নেতৃত্বে পরিবর্তন চাইছে তা স্পষ্ট। ভোটারদের উক্তি, সামাজিক সমস্যার দিকে মনোযোগ দেওয়ার মতো কারও চেয়ে আমরা বরং দেশের অর্থনৈতিক সমস্যার দিকে মনোনিবেশকারী কাউকেই চাই।
ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচিত হন ৫ বছরের জন্য। রোববার সারকোজি ভোট দিতে এসে কোনো কথা বলেননি। তিনি ভোট দেয়ার সময় ভোটাররা ‘সারকোজিকে প্রেসিডেন্ট দেখতে চাই’ স্লোগান দেয়। ওদিকে রয়েল হাসিমুখে ভোট দেন। সমর্থকরা তার প্রেসিডেন্সির পক্ষে স্লোগান দেয়।
এর আগে নির্বাচনে ডানপন্থী প্রেসিডেন্ট প্রার্থী নিকোলাস সারকোজি জয়ী হলে দেশ সহিংসতা-বর্বরতার ঝুঁকির মুখে পড়বে বলে সমাজতন্ত্রী প্রার্থী সেগোনেল রয়েল যে হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন তার তীব্র সমালোচনা করেছেন সারকোজি।
ফরাসী দৈনিক ‘ল্য পেরিসিয়ে’কে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, “ এ ধরনের যুদ্ধংদেহী ভাষায় আক্রমণ করা মৌলিক গণতন্ত্রের পরিপন্থী।”
তিনি বলেন, “কোনো সন্দেহ নেই যে তিনি আদর্শচ্যূত হয়েই একথা বলেছেন
ভোটারদের উদ্দেশ্যে রয়েল বলেছিলেন, “সারকোজির প্রার্থীতার ঝুঁকি সম্পর্কে জনগণকে সতর্ক করে দেয়া আমার দায়িত্ব। নির্বাচনে তার জয় হলে দেশ সহিংসতা জর্জরিত হবে।” সত্যিই সত্যিই তা হবে কিনা জিজ্ঞেস করা হলে রয়েল বলেন, “ আমি তাইই মনে করি।” এ প্রসঙ্গে তিনি ফ্রান্সে ২০০৫ সালে ফ্রান্সে দাঙ্গা পরিস্থিতির কথা উল্লেখ করেন।
ফ্রান্সের মূল ভূখণ্ডের বাইরে ফরাসী গায়ানা, মার্টিনিকের ক্যারিবীয় দ্বীপপুঞ্জ এবং গুয়াদেলোপে সহ কানাডার পূর্ব উপকূলের ফরাসী ভোটাররা শনিবার ভোট দিয়েছেন দ্বিতীয়দফা নির্বাচনে।
