মুশাররফের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ইফতিখার চৌধুরীর হুঁশিয়ারি
পাকিস্তানের বরখাস্ত প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরী প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
তিনি বলেন, যেসব দেশ আইনের শাসন ও মৌলিক অধিকারকে গুরুত্ব দেয়নি তারা ধ্বংস হয়ে গেছে। লাহোরে বহু বছর পর বিশাল এক জনসমাবেশে অভূতপূর্ব সংবর্ধণায় রোববার তাকে বরণ করে নেয় হাজার হাজার সমর্থক। হাইকোর্ট চত্বরের এই সমাবেশে ইফতিখার প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের নাম উচ্চারণ না করলেও তার বক্তব্য ছিল অত্যন্ত স্পষ্ট। স্বৈরতন্ত্রের অবসান ঘটিয়ে সাংবিধান সমুন্নত রাখার আহ্বান জানান তিনি। তার ভাষণ সরাসরি সম্প্রচার করে বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল।
মুশাররফ সরকারকে ইঙ্গিত করে ইফতিখার বলেন, “ যেসব জাতি ও দেশ সংবিধান সমুন্নত রাখা, আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং মানুষের মৌলিক অধিকার রক্ষার পরিবর্তে স্বৈরতন্ত্রের ওপর নির্ভর করেছে তারাই ধ্বংস হয়ে গেছে।”
লাহোরে হাইকোর্ট চত্বরের সমাবেশে তিনি আরো বলেন, “ স্বৈরতন্ত্র ও একক দায়দায়িত্বের দিন শেষ হয়ে গেছে।”
তিনি বলেন, “ এগুলো অতীতের ধ্যার-ধারণা। যেসব জাতি অতীত থেকে শিক্ষা নেয়নি এবং বার বার একই ভুল করেছে তাদেরকে এর কঠিন মূল্য দিতে হয়েছে।”
প্রধান বিচারপতির পদ থেকে বরখাস্ত হওয়া নিয়ে বিতর্কে রাজনীতির পাদপ্রদীপে চলে আসা এ বিচারপতি বলেন, “একটি সভ্য সমাজ গঠনের অন্যতম মেরুদণ্ড হল মানুষের মৌলিক অধিকার রক্ষা।”
রাজধানী ইসলামাবাদ থেকে ইফতিখার চৌধুরীর লাহোর আগমনকে কেন্দ্র করে তার প্রতি সমর্থন জানিয়ে হাজার হাজার জনতার এ বিশাল জমায়েতকে গত দুই দশকের মধ্যে অন্যতম বড় জনসমাবেশ হিসেবে উল্লেখ করেছেন অনেকেই। পিপিপিসহ পাকিস্তানের বিরোধী রাজনৈতিক দলগুলোর বিপুল সংখ্যক কর্মী-সমর্থকরা এ সমাবেশে যোগ দেন এবং ব্যানার ফেস্টুন নিয়ে ইফতিখার চৌধুরী যে রাস্তা দিয়ে সমাবেশে আসেন তার দুপাশে দাঁড়িয়ে থেকে তাকে স্বাগত জানান।
ন্যাশনাল অ্যাসেম্বলির সাবেক স্পিকার এবং বেনজিরের নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টির নেতা ফখর ইমাম বলেন,“ ১৯৮৬ সালে বেনজিরের নির্বাসন থেকে ফিরে আসার পর থেকে এমন ঘটনা আমি আর দেখিনি।”
বেনজিরের বাবা জুলফিকার আলী ভুট্টোকে সেনাবাহিনী মৃত্যুদণ্ড দেওয়ার সাত বছর পর বেনজিরের পাকিস্তানে ফিরে আসার সময়ের গণজাগরণের সঙ্গে তুলনা করে তিনি একথা বলেন।
প্রধান বিচারপতির পদ থেকে ইফতিখারকে বরখাস্ত করা নিয়ে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় সংকটে পড়েছেন পারভেজ মুশাররফ। বিষয়টিকে সামাল দেওয়ার চেষ্টা করেও সফল হননি তিনি। কিন্তু লাহোরে রোববারের সমাবেশের মধ্য দিয়ে ইফতিখার যে ইঙ্গিত দিলেন তাতে মুশাররফ সরকারের জন্য একে চরম সতর্কসংকেত বলেই বিবেচনা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
