কানসাস সিটিতে টর্নেডো, নিহত ৭
টর্নেডোর আঘাতে যুক্তরাষ্ট্রের কানসাসের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় গ্রিনসবার্গ শহরে সাতজন নিহত এবং কমপক্ষে ৬৩ জন আহত হয়েছেন বলে জরুরি অবস্থা বিষয়ক কর্মকর্তারা শনিবার জানিয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় টর্নেডোটি গ্রিনসবার্গে আঘাত হানে। টর্নেডোর আঘাতে যানবাহন, ঘরবাড়ি এবং যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়। এরিয়াল টেলিভিশনের খবরে এক হাজার ৮০০ জনের ছোট্ট ওই শহরটির বিপর্যয়ের চিত্র ফুটে ওঠে।
কানসাসের ডজ শহরের জাতীয় আবহাওয়া বিভাগের কর্মকর্তা মিশেল লেসি বলেন, টনের্ডোটি ছিল বেশ বড় আকারের। এটা প্রায় এক মাইল চওড়া ছিল, বাতাসের বেগ ছিল ঘণ্টায় ১৬৫ মাইল।
টর্নেডোয় গ্রিনসবার্গের হাসপাতাল এবং বিদ্যালয়গুলো ক্ষতিগ্রস্ত হয়। পর্যটকদের জন্য এখানকার মূল আকর্ষণ মানুষের তৈরি পৃথিবীর বৃহত্তম কুপটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরে প্রায় ৪৫৪ কেজি কাদা জমেছে।
জাতীয় নিরাপত্তারক্ষীদের সহায়তায় উদ্ধারকর্মীরা ঘরে ঘরে গিয়ে সাহায্য করছেন। কিছু অধিবাসী টেলিভিশন সাক্ষাতকারে বলেন, টর্নেডোর ঝড়ো হাওয়া শহরে আঘাত হানার মাত্র ২০ মিনিট আগে আমরা হুঁশিয়ারি সংকেত শুনতে পেয়েছি।
ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা না যাওয়া প্রসঙ্গে অঙ্গরাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র বলেন, “ক্ষতিগ্রস্ত সবার খবর আমরা হয়তো এখনও পাইনি।”
যুক্তরাষ্ট্রে মার্চ থেকে জুলাই মাস পর্যন্ত টর্নেডো মৌসুম। দেশটির মধ্যপশ্চিমাঞ্চলের ওপর দিয়েও বড় ধরনের কয়েকটি ঝড় বয়ে যাচ্ছে।
১৯২৫ সালের ১৮ মার্চে যুক্তরাষ্ট্রের ভয়াবহতম টর্নেডোর আঘাতে ৬৮৯ জন মারা যান।
