গাড়িমুক্ত দিবস পালন করবে চীন
গাড়ির ধোঁয়ায় আচ্ছন্ন চীনের রাজধানী বেইজিং ও বাণিজ্যিক কেন্দ্র সাংহাইসহ শতাধিক শহরে একদিন গাড়ি না চালানোর পরিকল্পনা করা হচ্ছে।
রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া শনিবার জানায়, আগামী ২২ সেপ্টেম্বর এসব শহরের কয়েকটি প্রধান সড়কে গাড়ি চলাচল বন্ধ রাখা হবে। সেক্ষেত্রে চীনারা একদিনের জন্য হয় হাঁটতে, নয়তো সরকারি বাসে কিংবা দেশের ঐতিহ্যবাহী পরিবহন সাইকেলে চড়তে বাধ্য হবেন।
ক্রমবর্ধনশীল অর্থনীতির দেশ চীনের বড় বড় শহরগুলোর আকাশ ধোঁয়াশায় আচ্ছন্ন থাকে। এর ফলে চীনারা স্বাস্থ্যগত দিক থেকে মারাত্মক হুমকির সম্মুখীন হচ্ছেন।
এছাড়া দেশটিতে গাড়ির সংখ্যাও বাড়ছে অতিরিক্ত হারে। কারণ, দ্রুত বেড়ে ওঠা মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে গাড়ি কেনার হিড়িক পড়েছে। বেইজিঙের রাস্তায় প্রতিদিন অন্তত এক হাজার গাড়ি নামছে বলে সিনহুয়ার এক খবরে বলা হয়।
