২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু কর্মসূচি নিয়ে আরও আলোচনার প্রস্তাব স্বাগত জানালো ইরান

পরমাণু কর্মসূচি নিয়ে আরও আলোচনার জন্য সুইজারল্যান্ডের একটি প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানুশেহর মোত্তাকি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 May 2007, 05:17 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

ইরাক নিয়ে মিশরে দুদিনের আন্তর্জাতিক সম্মেলনের সময় মোত্তাকির সঙ্গে বৈঠকে সুইটজারল্যান্ডের বিশেষ দূত এ প্রস্তাব দেন। ইরানের সরকারি পত্রিকা তেহরান টাইমস শনিবার একথা জানায়।

ইংরেজি ভাষার ওই পত্রিকাটি জানায়, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য সুইস প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন মোত্তাকি। তবে মোত্তাকি কিংবা সুইস দূতের কোনো প্রত্যক্ষ উক্তির উদ্ধৃতি দেয়নি তারা।

দৈনিক তেহরান টাইমস সুইস প্রস্তাব সম্পর্কে বিস্তারিত কিছু না জানালেও কূটনীতিবিদরা জানিয়েছেন, পরিকল্পিতভাবে একই সময়ে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ এবং জাতিসংঘের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মতো একটি ছক সাজানোর কথা বলা হয়েছে প্রস্তাবটিতে। সুইস দূতের বক্তব্য অনুযায়ী, এর ফলে ইরানের সঙ্গে ছয় বিশ্ব শক্তির বৈঠক সংলাপ আবারও শুরু হতে পারে।

গত মাসের শেষে তুরস্কে ইরানের শীর্ষ পরমাণু আলোচক আলী লারিজানির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান হাভিয়ার সোলানার বৈঠকেও এ ধরনের একটি প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়েছিল বলে জানান কূটনীতিবিদরা।

তবে তারা বলেন, লারিজানি ওই বৈঠকেই সোলানাকে এটা নিশ্চিত করেছেন যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করার কোনো পরিকল্পনা নেই ইরানের।

এদিকে এ মাসের শেষে আবারও সোলানা-লারিজানি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৈঠকের স্থান কিংবা দিনক্ষণ ঠিক হয়নি এখনও।