২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্কটল্যান্ডে পরাজয়ের পর বিপাকে ব্রিটেনের শ্রমিক দল

স্কটল্যান্ডের পার্লামেন্ট নির্বাচনে জাতীয়তাবাদীদের অভূতপূর্ব বিজয়ে মারাত্মক চাপের মুখে পড়েছে প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের শ্রমিক দল।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 May 2007, 03:06 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

শুক্রবারের নির্বাচনে ১২৯ আসনের পার্লামেন্টে স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি (এসএনপি) ৪৭টি আসনে জয়ী হয়ে সেখানে শ্রমিক দলের ৫০ বছরের শাসনকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।

নির্বাচনী ফলাফল ঘোষণার পর এসএনপি নেতা অ্যালেক্স স্যালমন্ড বলেছেন, “স্কটল্যান্ডকে শাসন করার আর কোনো নৈতিক অধিকার অবশিষ্ট নেই শ্রমিক দলের।”

শ্রমিক দল ৪৬টি আসন পেলেও ব্রিটেনের সঙ্গে সহাবস্থানপন্থীদের নিয়ে জোট গঠনের মাধ্যমে তারা স্কটল্যান্ড শাসনের সুযোগ ফিরে পাবেন কিনা সে বিষয়টি নিশ্চিত নয়। এভাবে মুখরক্ষার একটি সাময়িক বিহিতের সম্ভাবনা থাকলেও স্কটল্যান্ডে শ্রমিক দলের জন্য একটি দীর্ঘমেয়াদী অনিশ্চয়তার মোকাবেলা করতে হবে টনি ব্লেয়ারের উত্তরসূরীকে।

সাতচল্লিশটি আসনে বিজয়ী এসএনপি যদি অন্যান্য দলের সঙ্গে একটি জোট গঠনে সফল হয় সেক্ষেত্রে স্কটল্যান্ড শাসনের নির্বাহী ক্ষমতার পুরোটাই হাতছাড়া হয়ে যাবে শ্রমিক দলের। এমন হলে প্রতিশ্রুতি অনুযায়ী ২০১০ সালে স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে গণভোট আয়োজনের দিকে এসএনপির যাত্রা আরও বেগবান হয়ে উঠতে পারে। স্কটল্যান্ডের পার্লামেন্ট বর্তমানে শুধু শিক্ষা ও স্বাস্থ্য খাতে কর্তৃত্ব করতে পারে।

কিন্তু, এসএনপির কাছে নিজের আসনে পরাজয়ের পরও শ্রমিক দলের ভাবি কর্ণধার ও অর্থমন্ত্রী গর্ডন ব্রাউন বলেছেন, “স্কটল্যান্ডের বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ ভোট দিয়েছে ব্রিটেনের মধ্যে স্কটল্যান্ডের ন্যায়সঙ্গত অবস্থানের পক্ষে।”

এদিকে, স্থানীয় পরিষদ নির্বাচনে ব্লেয়ারের শ্রমিক দলকে ভীষণ বেকায়দায় ফেলে ডেভিড ক্যামেরনের রক্ষণশীল দল জিতে নিয়েছে ৮৭৫টি আসন। রক্ষণশীলরা জাতীয় ভোটের ৪০ ভাগ সমর্থন অর্জন করে ২০০৯ সালের জাতীয় নির্বাচনে তাদের গ্রহণযোগ্যতাকে আরও একবার প্রমাণ করেছে বলেই মন্তব্য করছেন কোনো কোনো রাজনৈতিক বিশ্লেষক।

একদিকে ব্রিটেনজুড়ে রক্ষণশীলদের উত্থান, অন্যদিকে স্কটল্যান্ডে এসএনপির বিজয়ে নাকাল অবস্থার মাঝে শ্রমিক দলকে রেখে যাচ্ছেন ব্লেয়ার। তার উত্তরসূরী হিসেবে গর্ডন ব্রাউনের আগমনের বিষয়টি আরও নিশ্চিত হয়ে গেছে শুক্রবার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী চার্লস ক্লার্কের দলীয় প্রধানের প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণায়।

কিন্তু দলের নেতৃত্ব প্রায় নিশ্চিত হলেও ইরাক যুদ্ধে জড়িয়ে পড়া, রাজনৈতিক তহবিল কেলেঙ্কারিসহ দেশে-বিদেশে ব্রিটেনের ভাবমূর্তি নষ্টে শ্রমিক দলের দায় কাটিয়ে ওঠার চ্যালেঞ্জ গ্রহণ করেই তাকে দলের দায়িত্ব নিতে ব্রাউনকে।