ক্যামেরুনে ১১৪ আরোহী নিয়ে কেনীয় বিমান বিধ্বস্ত
একশ চৌদ্দজন আরোহী নিয়ে কেনিয়া এয়ারওয়েজের একটি বিমান শনিবার দক্ষিণ ক্যামেরুনে বিধ্বস্ত হয়েছে বলে সেদেশের রাষ্ট্রীয় বেতার জানিয়েছে।
এর আগে বিমানটি নিখোঁজের কথা জানিয়েছিল কেনিয়া এয়ারওয়েজ। বিমানটিতে ১০৫ জন যাত্রী এবং নয়জন ক্রু ছিলেন। এর আগে বিমানটিতে ১০৬ জন যাত্রী থাকার কথা জানানো হয়েছিল।
ক্যামেরুনের রাষ্ট্রীয় বেতার জানায়, বিমানটি দক্ষিণাঞ্চলীয় ক্রিবির নিয়েতে এলাকায় বিধ্বস্ত হয়।
এর আগে কেনিয়া এয়ারওয়েজ জানায়, বিমানটি ক্যামেরুনের দউয়ালা থেকে কেনিয়ার রাজধানী নাইরোবির উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর এর সঙ্গে নিয়ন্ত্রণ কেন্দ্রের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এর আগে কেনিয়া এয়ারওয়েজ জানায়, উড্ডয়নের পরপরই বিমানটি থেকে সর্বশেষ বার্তা পায় দউয়ালার বিমান যোগাযোগ নিয়ন্ত্রণ কেন্দ্র। স্থানীয় সময় সকাল সোয়া ৬টায় (০৩১৫ জিএমটি) কেনিয়ার রাজধানীতে বিমানটির অবতরণের কথা ছিল।
প্রতিষ্ঠানটি আরও জানায়, ঘটনাটি পর্যবেক্ষণের জন্য স্থানীয় একটি হোটেলে তারা একটি দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র এবং বিমানটির যাত্রী সংক্রান্ত একটি তথ্য সরবরাহ কেন্দ্র প্রতিষ্ঠা করেছে।
বিমানটি আইভোরি কোস্টের আবিদজান থেকে ক্যামেরুনে অবতরণ করেছিল বলে নেইকুনি জানান।
উল্লেখ্য, ২০০০ সালের ৩০ জানুয়ারি কেনিয়া এয়ারওয়েজের এয়ারবাস এ-৩১০ আবিদজান থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই সাগরে বিধ্বস্ত হয়। তাতে মারা যান ১৬৯ জন, যেখানে ক্রু ও যাত্রীসহ বিমানের আরোহী ছিলেন ১৭৯ জন।
