১০ তামিল গেরিলাকে হত্যার দাবি শ্রীলঙ্কার
শ্রীলঙ্কার নৌবাহিনী দ্বীপ দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় উপকূলে শুক্রবার রাতে তামিল টাইগার গেরিলাদের একটি নৌবহরে হামলা চালিয়ে কমপক্ষে ১০ গেরিলাকে হত্যার দাবি জানিয়েছে।
২৬ টি নৌকার ওই বহরের ২টি নৌকা ডুবিয়ে দেওয়ারও দাবি করেছে তারা। শ্রীলঙ্কার সেনাবাহিনী শনিবার এক বিবৃতিতে এসব দাবি জানায়।
সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার প্রসাদ সামারাসিংঘে বলেন, “গত রাতে এক নৌযুদ্ধে টাইগারদের দুটি নৌকা ধ্বংস হয়েছে। সে সময় তাদের ২৬টি নৌকা দক্ষিণ থেকে (গেরিলা নিয়ন্ত্রিত) মুলাইথিভুর দিকে যাচ্ছিল।”
এদিকে, পৃথক ঘটনায় উত্তরপূর্বাঞ্চলীয় ত্রিনকোমালি জেলায় এক সন্দেহভাজন তামিল গেরিলাকে হত্যা করেছে শ্রীলঙ্কার সেনাবাহিনী।
তিনি বলেন, গেরিলাদের চারটি আত্মঘাতী নৌকাও সে বহরে ছিল। তবে সেগুলো পালিয়ে যেতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, “আমাদের নৌবাহিনীর ডিভোরা (ইসরায়েলের নির্মিত হামলাকারী নৌকা) তাদের ওপর হামলা চালিয়েছিল। আমাদের সন্দেহ, তাদের ১০ জন মারা গেছে। কারণ নৌকা দুটি ছিল বেশ বড়।”
শ্রীলঙ্কার সংখ্যালঘু তামিল সম্প্রদায়ের জন্য দেশটির উত্তর ও পূর্ব অঞ্চলে একটি স্বাধীন রাষ্ট্রের জন্য সংগ্রাম চালিয়ে আসছে তামিল টাইগার গেরিলারা।
শুক্রবার রাতের ওই সংঘর্ষের বিষয়ে তামিল টাইগার গেরিলারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তাছাড়া, হতাহতের নিশ্চয়তা সম্পর্কে স্বতন্ত্রভাবেও কোনো তথ্য পাওয়া যায়নি।
বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের একটি সমান্তরাল প্রচারণা চালানোর জন্য শ্রীলঙ্কার সেনাবাহিনী ও তামিল টাইগার উভয়পক্ষই তাদের হতাহতের সংখ্যা কমিয়ে বলে আসছে।
