আব্বাসের পদত্যাগের সম্ভাবনা নাকচ করলেন নাবিল সাদ
ফিলিস্তিনের ওপর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা উঠে না গেলে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস পদত্যাগ করার যে সম্ভাবনা ব্যক্ত করেছিলেন তা অস্বীকার করেছেন তার ঘনিষ্ঠ সহযোগী নাবিল সাদ।
এ সম্ভাবনা পুরোপুরি নাকচ করে তিনি বলেন, আব্বাস ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর ব্যাপারে কোনো কথা বলেননি।
অথচ বৃহস্পতিবার ফাতাহ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়ে আব্বাস বলেছিলেন, পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে না নেওয়া হলে তিনি আগামী দু’মাসের মধ্যে পদত্যাগ করতে পারেন। ঊর্ধ্বতন এক ফাতাহ কর্মকর্তা শুক্রবার একথা জানান।
কিন্তু ওই কথা সম্পূর্ণ উড়িয়ে দিয়ে আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ দলের কেন্দ্রীয় কমিটির সদস্য নাবিল সাদ বলেন, “আব্বাস পদত্যাগের ব্যাপারে কোনো আলোচনাই করেননি। আর নতুন করে নির্বাচন দেয়াটা ামাদের নীতিতে নেই। আমরা জাতীয় ঐক্যের সরকার পরিচালনা করতেই প্রতিশ্রুতিবদ্ধ।”
আব্বাস পদত্যাগ করলে ফিলিস্তিনে হামাস সরকারের বিপরীতে আব্বাসকে বলিষ্ঠ ভূমিকায় তুলে আনতে আগ্রহী পশ্চিমা বিশ্ব চাপের মুখে পড়বে।
উল্লেখ্য, ফিলিস্তিনে গত নির্বাচনে জঙ্গি দল হামাস জয়লাভ করে সরকার গঠনের পর থেকেই পশ্চিমা বিশ্ব ফিলিস্তিনকে সাহায্য দেয়া বন্ধ করেছে। এই নিষেধাজ্ঞা কাটানোর চেষ্টায় প্রেসিডেন্ট আব্বাস হামাসের সঙ্গে জাতীয় ঐক্য সরকার গড়ার চেষ্টা নেন।
এ প্রচেষ্টায় আব্বাস অনেকটা সফল হলেও পশ্চিমাদের কয়েকটি শর্ত (যেমন: সহিংসতা পরিহার, ইসরায়েলকে স্বীকৃতিদান) হামাস মেনে না নেয়ায় নিষেধাজ্ঞা উঠে যাওয়ার প্রশ্নে অচলবস্থা কাটছে না।
ফিলিস্তিনে পশ্চিমা নিষেধাজ্ঞা শিথিল করার চেষ্টায় গত মাসে আব্বাস ইউরোপ ও আরব দেশগুলো সফর করেছেন। এরপর শুক্রবার আব্বাসের ফাতাহ দলের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, “আগামী দু’মাসে অবরোধ উঠে না গেলে আব্বাস ওরফে আবু মাজেন পদত্যাগ করতে পারেন।”
আব্বাসের কার্যালয় এ সম্পর্কে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তাছাড়া, আব্বাস সত্যি সত্যিই পদত্যাগের কথা ভাবছেন, নাকি এটি তার আলোচনা চালিয়ে যাওয়ার একটি কৌশল-তাও স্পষ্ট হয়নি।
আব্বাস পদত্যাগ করলে ফিলিস্তিনে নির্বাচনের পট প্রস্তুত হবে। আর এমন হলে আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ এবং হামাস জঙ্গিদের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত বেধে যাবে বলেই আশঙ্কা করছেন অনেকে।
মার্চে আব্বাস হামাসের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠনের পদক্ষেপ নিয়ে উপদলীয় সংঘাত নিরসনের চেষ্টা করেছিলেন। কিন্তু তা তেমন ফল বয়ে আনেনি। পশ্চিমা নিষেধাজ্ঞাও অপরিবর্তিত রয়েছে। এই নিষেধাজ্ঞায় হতাশ আব্বাস।
ফাতাহ নেতা ও ফিলিস্তিনের উপ প্রধানমন্ত্রী আজম আল আহমেদ গত মাসে বলেছিলেন, পশ্চিমা নিষেধাজ্ঞা না উঠলে ফিলিস্তিনের জাতীয় ঐক্য সরকারও নিষিদ্ধ করে দেওয়া উচিত।
