২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে এক সপ্তাহে ৭০ অসামরিক নাগরিকের মৃত্যু

তালেবানদের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর অভিযানে চলতি সপ্তাহে আফগানিস্তানে নিহত অসামরিক নাগরিকের সংখ্যা ৭০ জনে দাঁড়িয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 May 2007, 04:03 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

গত মঙ্গলবার রাতে আরও ১৩ জন বেসামরিক আফগান নিহত হন বলে শুক্রবার এক সরকারি কর্মকর্তা জানান।

মঙ্গলবার রাতে কান্দাহার প্রদেশের পাকিস্তান সীমান্তবর্তী মারুফ জেলায় এক মার্কিন অভিযানে ওই আফগানরা মারা যান। প্রাদেশিক প্রশাসনের সদস্য জানান গুলজাই একথা জানান।

ঘটনাটি তদন্তে সরকারি তদন্ত দলের সদস্য গুলজাই রয়টার্সকে বলেন, “আমি দেখেছি যে নিহত ১৩ জনই অসামরিক নাগরিক।”

তিনি আরও বলেন, “কারও হাতেই অসামরিক আফগানদের হত্যাকাণ্ড আমরা মেনে নিতে পারি না।”

স্থানীয় বাসিন্দা গুলাম ফারুক জানান, মার্কিন সেনাদের ওপর তালেবানদের একটি দলের গুলিবর্ষণের পরপরই স্পিন বোল্ডাক শহরের কাছের একটি সড়কে তিনটি গাড়িতে করে যাচ্ছিলেন অসামরিক নাগরিকরা। এ সময় মার্কিন বিমান থেকে গাড়িগুলো লক্ষ্য করে বোমা হামলা চালানো হলে ওই ১৩ যাত্রী নিহত হন।

আফগানিস্তানে মার্কিন সেনাবাহিনীর এক মুখপাত্র ওই ঘটনা সম্পর্কে অজ্ঞতা প্রকাশ করে বলেন, এ বিষয়ে খোঁজ নিতে হবে তাকে।

অসামরিক আফগানদের মৃত্যুর ঘটনা লাগাতার চলতে থাকায় প্রচণ্ড চাপ বাড়ছে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের ওপর। পশ্চিমাঞ্চলের হেরাত প্রদেশসহ দেশটির পূর্বাঞ্চলে বেসামরিক নাগরিকদের মৃত্যুতে কারজাইয়ের পদত্যাগের দাবিতে গত সপ্তাহে হাজার হাজার আফগান বিক্ষোভ করেছেন।